
'পেটে প্রচণ্ড চাপ এসেছে। বারবার চারপাশে বাথরুম খুঁজছি। এখন যেতে না পারলে মনে হচ্ছে সেলোয়ারে হয়ে যাবে। আমি হন্যে হয়ে প্রতিটি রুমে বাথরুম খুঁজছি। এ কেমন বাড়ি যে ওয়াশরুম নেই? বল তো এখন কী করি?' ফোনের অপর পাশের ব্যক্তিটি বলল, 'কাউকে জিজ্ঞেস কর।' রেখা কল কেটে একটা ছেলেকে দেখে জিজ্ঞেস করল, 'শুনছেন। আপনি কি এ বাড়ির কেউ?' গম্ভীর কণ্ঠে ছেলেটা বলল, 'জি।' 'ওয়াশরুমটা কোন দিকে?' 'দক্ষিণ কোণায়।' রেখা কাচুমাচু মুখ করে বলল, 'এ বাড়িতে দক্ষিণ কোণা কোন দিকে?' ছেলেটা বলল, 'আমার সাথে আসুন। আমি দেখিয়ে দিচ্ছি।' যেতে যেতে ছেলেটা বলল, 'আপনার চেহারার অবস্থা দেখে তো মনে হচ্ছে জামাকাপড় এখনই নষ্ট করে ফেলবেন।' রেখা অসহায় চোখে তার দিকে তাকাল কেবল। ওয়াশরুমের কাছে যেতেই ও দৌড়ে ভেতরে ঢুকে গেল। পেট ক্লিয়ার করে বাইরে বের হয়ে চোখ বন্ধ করে বলল, 'অল ইজ ওয়েল।' তারপর চোখ মেলতেই দেখল ছেলেটা তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে আছে। রেখা বেশ লজ্জা পেয়ে বলল, 'আপনি এখনও যাননি?' 'না, ভাবলাম আপনি না আবার হারিয়ে যান।' রেখা আর কথা বাড়াল না। চুপ করে চলে যেতে নিল। পেছন থেকে ছেলেটা ডাকল, 'মিস ওয়াশরুম!' রেখা তীক্ষ্ণ চোখে তাকাল। বিড়বিড় করে বলল, ।'এটা কেমন নাম? নামটার মধ্যেই তো গন্ধ ভরা।' ও নাক কুচকে বলল, 'আমার নাম মিস ওয়াশরুম না।' 'তাহলে কী নাম আপনার?' রেখা একবার ভাবল ওর নাম বলবে না। কেন বলবে নাম? তারপর ভাবল লোকটা ওর উপকার করল। বিনিময়ে নামটা তো বলাই যায়। ও মৃদু স্বরে বলল, 'রেখা।' ছেলেটা চোখে-মুখে দুষ্টুমির ভাব এনে বলল, 'আপনার বাবা কি নায়িকা রেখার ফ্যান নাকি যে মেয়ের নাম রেখা রাখল?' রেখা ভ্রু কুচকে বলল, 'আপনি কীভাবে জানলেন?' ছেলেটা হো হো করে হেসে বলল, 'আন্দাজে ঢিল ছুড়লাম বাট জায়গামতো লাগছে।'
