

মায়ার হারিয়ে যাওয়ার আজ তিনদিন। বাড়িতে এই তিনদিন হাঁড়ি চড়ে নি। মেয়েকে হারানোর শোক কাটিয়ে রান্নাঘরে এসেছিলো কবিতা। বড়ো ডিপফ্রিজের কাছে আসতেই নাকে বোটকা গন্ধ লাগে। ইদানীং বিদ্যুৎ প্রচুর যাচ্ছে। তার ওপর ফ্রিজ না খোলায় হয়তো মাছ-মাংস নষ্ট হয়ে পঁচে গন্ধ বেরিয়েছে ভাবতেই নাকে কাপড় চাপা দিয়ে ধীরে ধীরে ফ্রিজ খোলে। বড়ো কালো পলি ব্যাগটা সরাতেই কারো কাটা হাত চোখে পড়লো। কবিতা ভয়ে চিৎকার করেও ওঠে। কবিতার চিৎকারে মেহেদি ছুটে আসে। হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, “কী হয়েছে?” কবিতা আঙুল উঁচু করে ফ্রিজের দিকে ইশারা করে। কী আছে দেখতে এগিয়ে গিয়ে কালো ব্যাগটা বের করতেই চমকে ওঠে। এতো ওদের বাড়ির কাজের মেয়েটা! মায়ার সাথে সাথেই যে গায়েব হয়ে গিয়েছিলো। আর ওরা ভেবেছিলো মায়াকে হয়তো মিতাই চুরি করে পালিয়েছে। এখানে মিতালীর কাটা লাশ থাকলে মায়া কোথায়?