

মন খারাপ থেকে মহুয়া বলল, "একটা কথা জিজ্ঞেস করি, জুবিন?" "বল।" বাইকের গতি বাড়িয়ে অনুমতি দিল জুবিন। মহুয়া বলল, "আমরা যখন তোর জীবনে থাকব না, তখন কী করবি?" বাইকের মিররে চোখ রেখে, মনমরা মহুয়াকে একনজর দেখে জুবিন বলল, "আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছিস?" মহুয়া আলতোভাবে একটা চিমটি দিল জুবিনের বাহুতে। এরপর বলল, "বল না, কী করবি?" "কী আর করব? বিয়ে করব। বউ নিয়ে ঘুরব। তার সাথে দুষ্টুমি, খুনসুটি, ভাব-ভালোবাসা সবই হবে। তখন আর তোদের প্রয়োজন হবে না।" "তার মানে তুই বলতে চাস, আমি বা তারা... আমাদের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে যাবে তোর বউ?" "অবশ্যই। একটা পুরুষের জীবনে তার শখের নারীর চেয়ে দামি আর কে আছে, বল? দেখিস... আমি আমার শখের নারীকে ভীষণ ভালোবাসব।"