

বিশ্বজুড়ে গণমাধ্যম এখন দ্রুততম রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মোবাইল সাংবাদিকতা, ড্রোন, নাগরিক সাংবাদিকতা, মেটাভার্স, তথ্যের নিরাপত্তা ও ডিজিটাল প্ল্যাটফর্ম—সবকিছু মিলিয়ে সংবাদ সংগ্রহ, প্রকাশ এবং পাঠকের সংবাদ গ্রহণের ধরন আমূল বদলে গেছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের যেমন নতুন দক্ষতা অর্জন করতে হচ্ছে, তেমনি আইন, নীতিমালা, তথ্য সুরক্ষা এবং ডিজিটাল নিরাপত্তা সম্পর্কেও হতে হচ্ছে সমান সচেতন। ‘ডিজিটাল গণমাধ্যম ও সাংবাদিকতা’ গ্রন্থটি সেই প্রয়োজন থেকেই রচিত। এখানে ডিজিটাল গণমাধ্যমের বিকাশ, প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নতুন ধারা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, মোবাইল ও ড্রোন সাংবাদিকতা, নাগরিক সাংবাদিকতা, সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের নৈতিকতা ও বাস্তব চ্যালেঞ্জ সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে বইটিতে সংকলিত হয়েছে বাংলাদেশের গণমাধ্যম-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আইন, নীতিমালা ও আচরণবিধি—যেমন তথ্য অধিকার আইন, প্রেস কাউন্সিল আইন, গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইন, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ওটিটি নীতিমালা এবং অন্যান্য প্রয়োজনীয় বিধিবিধান। ফলে এটি কেবল একটি পাঠ্যগ্রন্থ নয়, বরং সাংবাদিকতা পেশার একটি কার্যকর রেফারেন্স ও ব্যবহারিক সহায়কিকা। সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী, কর্মরত সাংবাদিক, অনলাইন গণমাধ্যমকর্মী, গবেষক, নীতিনির্ধারক এবং ডিজিটাল যোগাযোগব্যবস্থার সঙ্গে যুক্ত সবার জন্য বইটি সমানভাবে উপযোগী। প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এই সময়ে দায়িত্বশীল, দক্ষ ও সমসাময়িক সাংবাদিকতা চর্চায় বইটি একটি নির্ভরযোগ্য সহযাত্রী হয়ে উঠবে—এই প্রত্যাশা।