

মানুষের হৃদয়ও কি কখনো ব্যবচ্ছেদ করা যায়? শরীরের অসুখ নির্ণয় করতে যিনি প্রতিদিন মানুষের হৃদস্পন্দন শোনেন, অনুভূতির অসুখের সামনে সেই মানুষটিই কেন এতটা অসহায় হয়ে পড়েন? ডা. শাহরিয়ার শেখ—একজন দক্ষ চিকিৎসক, কঠোর স্বভাবের অধ্যাপক এবং নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখতে অভ্যস্ত একজন মানুষ। মেডিকেল কলেজের অসংখ্য শিক্ষার্থীর কাছে তিনি কঠোর, নির্লিপ্ত ও ভীষণ গম্ভীর এক প্রফেসর। তাঁর ক্লাসে ভুলের কোনো সুযোগ নেই, আর তাঁর চোখের সামনে আবেগের কোনো মূল্য নেই। অন্যদিকে, স্মৃতি রহমান—স্বপ্নবাজ এক মেডিকেল শিক্ষার্থী। মানুষের জীবন বাঁচানোর স্বপ্ন নিয়ে তার পথচলা। অথচ সেই পথেই একদিন এমন একজন মানুষের মুখোমুখি হয়, যাকে বোঝা তার কোনো বই, কোনো সিলেবাস কিংবা কোনো মেডিকেল জ্ঞান দিয়ে সম্ভব নয়।