

জীবনের নানা বাঁকে মানুষ, পারস্পরিক সম্পর্ক, নিজস্ব অনুভূতি আর অব্যক্ত কথামালা জমতে জমতে একসময় জীবন্ত গল্প হয়ে ওঠে... যা সারাজীবন অলিখিতই থেকে যায়। কখনো কখনো কথা, কখনো ব্যথা, কখনো প্রেরণা, কখনো-বা নিঃশব্দ হৃৎস্পন্দন আর ভালোবাসার উত্থান-পতন। এমনই কিছু ছন্দপতনে তৈরি হয় জীবনের অনুরণন, যার বাস্তব সংকলন কখনো হয়তো অনামিকাই থেকে যায়। কেউ তার নাম জানে না। কখনো তা লিপিবদ্ধ হয় না। কেউ তা শুনতেও চায় না। আবার এরাই কখনো হয়ে ওঠে লেখকের চয়নিকা। মানবজীবনের বাছাই করা কিছু কর্ণগোচর, চাক্ষুষ এবং অভিজ্ঞতালব্ধ ঘটনার নিজস্ব বর্ণনার মোট বারোটি অসাধারণ গল্পসমন্বয়ের এই সমকালীন গল্প সংকলন ‘চয়নিকা’।
ইবুক মেলা উপলক্ষে বইটা কেনা হয়েছিল। ১৩টি বিভিন্নরকম গল্পের সংকলন। সামাজিক, পারিবারিক জটিল কিন্তু শিক্ষনীয় কিছু বিষয় চমৎকারভাবে গল্পের আকারে উপস্থাপন করা হয়েছে। সাবলীল ও পরিচ্ছন্ন লেখনী, গল্পের প্রয়োজনে প্লট, সংলাপ যথাযথ ছিল। বানান ভুল বলতে গেলে চোখেই পরেনি। ভালো লাগলো। *একে শূন্য দশ* সংসারে স্বামী স্ত্রী দুজনের ভূমিকাই অনস্বীকার্য। খুবই শিক্ষনীয় চিন্তা। ১ ছাড়া ডানের শূন্যের যেমন কোন দাম নেই, তেমনি ডানে শূন্য ছাড়া শুধু ১ এরও কোনো মূল্য নেই। *অবলম্বন* রাদিয়ার মত বদ শ্বাশুড়ি আর আরিফের মত কুলাঙ্গার পুত্রকে জেলের ভাত খাওয়ানো উচিত ছিল। সব ঘরে ঘরে মেয়েদের জীবনটাই যেন এমনি। মায়েরা যে কেন মেয়েদের অবলম্বন হতে পারেন না, মেয়েকে সমাজের আড়াল করতে পারেননা! নিজের মেয়ের নিরাপত্তার জন্য রেনুকার মত কঠিন সিদ্ধান্ত যতদিন না এদেশের মায়েরা নিতে পারবে ততোদিন মেয়েদের এ থেকে মুক্তি নেই। *কুলাঙ্গার* কুলাঙ্গার আসলে কে? ছেলেমেয়েরা দৃঢ়চিত্তের না হওয়া, অতি আদরে বিগড়ে যাওয়া, এর দায়ভার আসলে কার? পুরোটাই কি সন্তানের নাকি যে মা অনৈতিক সুবিধা আর পক্ষপাতিত্বের ভালোবাসায় মুড়ে বড় করেছে তার? পারিবারিক কুটিল রাজনীতি বংশপরম্পরায় নারীদের দ্বারাই পরিচালিত হয়ে আসছে। নারীরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু। আর তাদের হাতে বলি হতে হয় নিরীহ স্বামী, সন্তানদের। *প্রাক্তন* গল্পটি রোমান্টিক। বিয়ের পরে প্রাক্তনের মায়ায় না থেকে নতুন স্বামী সংসারে মন দেয়াটাই সমুচিত, অনেক ঝঞ্ঝাট থেকে দূরে থাকা যায়। সাদাবের দূঢ় চরিত্র ভালো লেগেছে। *ঠাসবুনটের ভীড়ে* অনলাইনে না দেখে প্রেম, শেষে ধোঁকা খাবার গল্প। যারা এ পথ থেকে ফিরতে চায় কোনো না কোনভাবে ফিরতে ঠিকি পারে। *দাম্পত্যের এপিঠ ওপিঠ* দাম্পত্য জীবনের একে অপরকে মূল্যায়ন করা, একটু সময় দেয়া যে কতটা গুরুত্বপূর্ণ তাই দেখানো হয়েছে। একই দম্পতির দুইটি পারিপার্শ্বিক অবস্থানে কিরুপ আচরণ করছে, পারষ্পরিক সমঝোতাটা কেমন সেটাই দেখানো হয়েছ। *তিথি* এটাও খুব চমৎকার একটা রোমান্টিক গল্প। বেশ বড় পরিসরে লেখা। অনেকগুলো টার্নিং পয়েন্ট এসেছে। তিথির কঠোর অধ্যবসায়, স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস আর দুআয় সুফল পেয়েছে। গোলাম বানাতে হলে আগে বাঁদী হতে, কথা শুনতে খারাপ শোনালেও আসলে খুবই কার্যকরী। আর একটু গভীরভাবে চিন্তা করলে এখানে সম্মানহানিরও কিছু নেই। ভালোবাসায় বিলীন হলেই তো আরেকজনের জন্য সব ত্যাগ করা যায়! *দূর্ভিক্ষ* একঘরের বেচে যাওয়া খাবার দিয়ে আরেকঘরে ঈদ উদযাপন। পুঁজিবাদী দুনিয়ার তথাকথিত আধুনিকতার আড়ালে লুকানো বৈষম্য চোখে জল এনে দেয়। *যুগলবন্দী* কমেডী ধাঁচে লেখা। জুড়ি কি আসমান থেকে লেখা নাকি না? প্রেম ছিল বাবুর সাথে, বিয়ে হল গোঁফওয়ালার সাথে। শেষে দেখা গেল প্রাণের বান্ধবীর সাথে বাবুর জুড়ি! *সাধ ছিল বাসব ভালো* সবচেয়ে চমৎকার লেগেছে এই গল্পটা। ঝাল মিষ্টি প্রেমের গল্প। রাগী, সুন্দরী, দৃঢ়চেতা আর কিছুটা কনজার্ভেটিভ মানসিকতার মেয়ে রুহির ইচ্ছে ভালোবেসে বিয়ে করবে। মনকে শাসন করতে পারাই সবচেয়ে বড় সভ্যতা - রুহির এই মোটোর সাথে আমিও একমত। কিন্তু মনমতো পুরুষের অভাবে প্রেমটা করা হচ্ছে না। এরমধ্যে বাসা থেকে বিয়ের প্রেসার। একদিন একজনকে দেখে মনে হল প্রাণপুরুষ, সাধ হলো কাছে পাবার। কিন্তু হায় সে এসেছে তারই সহপাঠী নাবিলা, যাকে ঠিক পছন্দ করেনা রুহি, তার পাণিপ্রার্থী হিসেবে-খোঁজ খবর নিতে! *দয়িতের কাছে* রিমির মত মেয়েদের জন্য এদেশে বৌদেরকে পড়াতে চায়না স্বামীরা। অতিরিক্ত শিক্ষিত হয়ে যদি অন্যের হাত ধরে ঘরছারা হয়? মামুনের মত মানুষ হয় না। মাটির মত মানুষদেরই কেন যেন ঠকতে হয়। *সংসার সমরে* নেভার এন্ডিং পারিবারিক রাজনীতি, গদি বদল, স্ট্র্যাটেজির রদবদল কিন্তু শেষ নেই কোনো। *মাহার* ধর্মকে নিজের সুবিধায় ব্যবহারের উৎকৃষ্ট উদাহরণ বিয়েতে মোহরানা। কত কত বিয়ে ভেঙে যায় এই বিবাদে।
Read all reviews on the Boitoi app