

আমার কাছে যে সব ছাত্র-ছাত্রী বিভিন্ন সময় তাদের যেসব ব্যক্তিগত সমস্যা নিয়ে পরামর্শের জন্য এসেছে অথবা চিঠি লিখেছে তাদের পরামর্শ দিতে গিয়ে আমি এই বইটি লেখার তাগিদ অনুভব করি। এখানে আমার ভূমিকা শিক্ষকের নয়, বন্ধুর। তাই বন্ধুদের সঙ্গে যেসব প্রসঙ্গ যেভাবে আলোচনা করেছি ঠিক সেইভাবেই সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরলাম। একটা কথা বলি; এই ধরনের বই এইভাবে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ করে কেউ লিখেছেন বলে আমার জানা নেই। আমিই প্রথম লিখলাম। লিখলাম এই বিশ্বাস নিয়ে যে এতে তাদের বহুদিনের প্রয়োজন মিটবে। একে অপরের অভিজ্ঞতা থেকে উপকৃত হবে। জীবন ও জীবিকার ক্ষেত্রেও সঠিক পথনির্দেশ পাবে।