
হাডসন শহরকে ঘিরে রয়েছে এক অদ্ভুত রহস্য। সেখানে দায়িত্ব পালন করতে যাওয়া একাধিক গোয়েন্দা ও কর্মকর্তা নিখোঁজ হয়েছেন, কেউ কেউ আর ফিরে আসেননি। ঘটনাগুলোর পেছনে কী আছে, তা জানতে এবার এগিয়ে আসে গোয়েন্দা অ্যালেক্স স্মিথ। একজন মেয়রের রহস্যজনক মৃত্যু থেকে শুরু হয় তার অনুসন্ধান। তদন্ত করতে গিয়ে অ্যালেক্সের সামনে আসতে থাকে নানা অসংগতি, সাংকেতিক চিঠি এবং এমন কিছু তথ্য, যা ঘটনাটিকে সাধারণ মৃত্যুর তদন্ত হিসেবে দেখতে বাধা দেয়। একের পর এক সূত্র তাকে নিয়ে যায় নতুন প্রশ্নের মুখোমুখি। কিন্তু তদন্ত যত এগোয়, পরিস্থিতি তত জটিল হয়ে ওঠে। অ্যালেক্স বুঝতে পারে, এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু মানুষ, যাদের উদ্দেশ্য সহজে বোঝা যায় না। একসময় সে নিজেই ষড়যন্ত্রের শিকার হয় এবং নিজের নির্দোষিতা প্রমাণ করার কঠিন পরিস্থিতিতে পড়ে। সত্য উদ্ঘাটনের চেষ্টা করতে গিয়ে অ্যালেক্সকে শুধু অপরাধের সূত্রই খুঁজতে হয় না, বরং নিজের বিচারবুদ্ধি ও বিশ্বাসের ওপরও নির্ভর করতে হয়। কারণ, সব সূত্র যে সত্যের দিকে নিয়ে যায়, তা নয়। ‘মহাকাল’ একটি গোয়েন্দা থ্রিলার, যেখানে রহস্যের অনুসন্ধান, ষড়যন্ত্র এবং সত্য-মিথ্যার দ্বন্দ্ব মিলেমিশে তৈরি করেছে এক জটিল কাহিনি।