

প্রথম স্বামী আরহাম চৌধুরীর থেকে ধোঁকা পাওয়ার পর মিরার দ্বিতীয় বিয়ে হয় নিজের প্রাক্তনের ছোট্ট ভাই নেভি ক্যাপ্টেন তূর্য চৌধুরীর সাথে। বিয়েটার মূল কারণ ছিল মিরা-আরহামের ছেলে আয়ান চৌধুরী। ঘরের ছেলেকে ঘরে রাখার উদ্দেশ্যে দেওয়া সেই বিয়েটা সময়ের ঘনঘটা পেরিয়ে কখন যে মিরা নামক রমণীকেও নতুন সংসারের মায়ায় জড়িয়ে ফেলল, তা সে নিজেও টের পেল না। তূর্য নামক সুপুরুষের প্রবল যত্ন আর ভালোবাসায় সেও হারিয়ে গেল সুখের অতল গহীনে। গা ভাসাল নব্য প্রেমে। কিছু কিছু সম্পর্কের শুরুটা অনাকাঙ্ক্ষিত হলেও তা অপ্রয়োজনীয় নয়। যা প্রমাণ করেছিল তূর্যের শিউলি ফুল। সেও শুরু করেছিল নতুন জীবন। কক্সবাজারের বালুময় পথে একের পর এক পদচিহ্ন এঁকে নতুন প্রেমের দুয়ারে উড়িয়েছিল স্বপ্নের ঘুড়ি।