

সন্ধ্যা চা ঢালতে ঢালতেই হঠাৎ আকাশের দিকে তাকাল। আর তখনই বাঁধল কাণ্ড। না দেখে চা ঢালতে গিয়ে গরম চায়ের অনেকটা হাতের ওপর পড়ে যায়। সন্ধ্যা মৃদু আর্তনাদ করে ওঠে। রেখে দেয় চায়ের পাতিল। হাতটি তুলে দেখার আগেই আকাশ তার হাত ধরে টেনে এনে দ্রুত টেপের নিচে রাখে। সার্ভেন্টকে ডেকে বরফ দিতে বলে। সঙ্গে তার ঘর থেকে ব্যান্ডেজ আর মলমও আনতে বলে। কয়েক সেকেন্ডের মাথায় একজন সার্ভেন্ট বরফ দিয়ে গেলে আকাশ তার দুহাত দিয়ে সন্ধ্যার পোড়া হাত বরফের মাঝে চেপে ধরে রাখে। ততক্ষণে আকাশের আদেশে সার্ভেন্টরা মলম আর ব্যান্ডেজও এনে দিয়েছে। আকাশ আরেকটু সময় বরফ ধরে রেখে সন্ধ্যার হাতে মলম লাগিয়ে দেয়। এরপর আঙুলগুলো খুব যত্নে ব্যান্ডেজ করে দেয়। সন্ধ্যা কেবল অবাক হয়ে দেখে আকাশকে। মেয়েটা স্পষ্ট দেখতে পায়, আকাশের মুখজুড়ে ব্যথার ছাপ। সন্ধ্যার হাত পুড়ে যাওয়ার ব্যথা তাকে ছুঁতে পারে না, আকাশের এই যত্ন, সেই হারিয়ে যাওয়া আকাশকে অনুভব করে তার সুখকর ব্যথা হয়। আবেগে চোখের কোণ কখন যে ভিজে উঠেছে, বুঝল না সে। আকাশ তার কাজ শেষ করে সন্ধ্যার দিকে তাকায়। মেয়েটার টলমলে চোখের সাথে চোখাচোখি হয়। শুকনো ঢোক গিলল আকাশ। ভাবল, সন্ধ্যা ব্যথা পেয়েছে বলে চোখে পানি জমেছে। সন্ধ্যার ব্যান্ডেজ করা হাত এখনো আকাশের বাম হাতের মুঠোয়। সে সামান্য এগিয়ে এসে ডান হাত সন্ধ্যার গালে রেখে নরম গলায় বলে, “ভুলেও কাঁদবে না। ঠিক হয়ে যাবে।” মেয়েটা থেমে থেমে আওড়ায়, “আমি কাঁদলে আপনার কী?” আকাশ সূক্ষ্ম হাসল। মুখটা সন্ধ্যার মুখ বরাবর এনে ভয়েস টোন আরও নিচু করে উত্তরে বলে, “বুক ব্যথার কারণ করে দাও নিবারণ!”
⭐ ⭐ ⭐ ⭐ ⭐ বই: আমি তার সন্ধ্যামালতী (প্রথম খণ্ড) লেখিকা: ডি আর এম সোহাগ কিছু উপন্যাস থাকে, যেগুলো পড়ার সময় শুধু গল্পের পাতায় চোখ আটকে থাকে না, বরং গল্পের প্রতিটি চরিত্র, প্রতিটি ঘটনা আর অনুভূতির সঙ্গে পাঠক নিজেও জড়িয়ে পড়ে। 'আমি তার সন্ধ্যামালতী' আমার কাছে ঠিক তেমনই একটি উপন্যাস। রোমান্টিকতার কোমল আবেশ, সম্পর্কের টানাপোড়েন, স্মৃতির মায়া, অপেক্ষা আর জীবনের কঠিন বাস্তবতা—সব মিলিয়ে গল্পটি যেন অনুভূতির এক বিস্তৃত জগৎ। আকাশ ও সন্ধ্যার সম্পর্কের মধ্যে ভালোবাসার পাশাপাশি রয়েছে অভিমান, হারিয়ে ফেলার ভয়, অপেক্ষা এবং না-পাওয়া অসংখ্য অনুভূতি। জীবনের কিছু স্মৃতি মানুষ চাইলেও ভুলতে পারে না, আবার কিছু মানুষকে কাছে পেয়েও নিজের করে রাখা যায় না। এই অনুভূতিগুলো গল্পের ভেতরে বেশ গভীরভাবে ফুটে উঠেছে। বিশেষ করে স্মৃতির সঙ্গে বর্তমানের সংঘাত এবং সম্পর্কের জটিলতা আমাকে ভাবিয়েছে। গল্পের চরিত্রগুলোর মধ্যে আকাশের ব্যক্তিত্ব, তার অনুভূতি এবং ভালোবাসার প্রকাশ আলাদা করে নজর কেড়েছে। অন্যদিকে সন্ধ্যার জীবন, তার মনের অবস্থা এবং প্রতিকূলতার সঙ্গে লড়াই পাঠক হিসেবে আমাকে তার প্রতি মায়াবী করে তুলেছে। শুধু প্রধান চরিত্র নয়, পার্শ্বচরিত্রগুলোর উপস্থিতিও গল্পকে আরও প্রাণবন্ত করেছে। কিছু চরিত্রের প্রতি ভালো লাগা জন্মেছে, আবার কিছু চরিত্রের আচরণ মনে বিরক্তিরও জন্ম দিয়েছে। তবে একটি উপন্যাসে এমন অনুভূতির বৈচিত্র্য থাকাটাই বোধহয় গল্পের সার্থকতা। লেখিকার লেখনীর সবচেয়ে ভালো লাগার দিক হলো আবেগকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার ক্ষমতা। কিছু ঘটনা পড়তে গিয়ে মনে হয়েছে, যেন চরিত্রগুলোর অনুভূতি নিজের ভেতরেই অনুভব করছি। কোথাও মায়া, কোথাও কষ্ট, কোথাও ভালোবাসার আকুলতা—সবকিছু মিলিয়ে গল্পের সঙ্গে এক অদ্ভুত আত্মিক সংযোগ তৈরি হয়েছে। তবে পাঠক হিসেবে কিছু জায়গায় আরও একটু গতি প্রত্যাশা করেছি। গল্পের শুরুর দিকে কিছু ঘটনা আমার কাছে ধীরগতির মনে হয়েছে। কিন্তু যত সামনে এগিয়েছি, ততই গল্পের প্রতি আগ্রহ বেড়েছে। প্রথম খণ্ড শেষ করেও মনে হচ্ছে, গল্পের অনেক অজানা অধ্যায় এখনো বাকি। কিছু প্রশ্নের উত্তর পেয়েছি, আবার কিছু রহস্য নতুন করে জানার আগ্রহ তৈরি করেছে। সবশেষে বলব, 'আমি তার সন্ধ্যামালতী' এমন একটি উপন্যাস, যার কিছু অনুভূতি বইয়ের পাতা বন্ধ করার পরও মনে থেকে যায়। প্রথম খণ্ডের গল্প আমাকে যেমন মুগ্ধ করেছে, তেমনি দ্বিতীয় খণ্ডের জন্য অপেক্ষাও বাড়িয়ে দিয়েছে। আশা করি পরবর্তী খণ্ডে লেখিকা আমাদের আরও কিছু সুন্দর মুহূর্ত, নতুন রহস্য এবং অজানা অনুভূতির মুখোমুখি করবেন। লেখিকা ভি আর এম সোহাগের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। একজন লেখকের সবচেয়ে বড় প্রাপ্তি বোধহয় পাঠকের মনে নিজের গল্পের জন্য একটুকরো জায়গা তৈরি করে নেওয়া। সেই জায়গাটুকু 'আমি তার সন্ধ্যামালতী' প্রথম খণ্ডের মাধ্যমে তৈরি করতে পেরেছে বলেই আমার বিশ্বাস। লেখিকার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আশা রাখছি, দ্বিতীয় খণ্ডেও এমন মায়ায় জড়িয়ে রাখবেন আমাদের। ❤️
Read all reviews on the Boitoi app
"আমি তার সন্ধ্যামালতি" উপন্যাসটি রোমান্টিক কাহিনীর সাথে থ্রিলারের হালকা ছোঁয়া থাকায় গল্পটা পড়তে গিয়ে একবারের জন্যেও একঘেয়ে লাগেনি। আকাশ-সন্ধ্যা আর সৌম্য - ইরার জীবনে সুখের পরশ লেগেছিল, কিন্তু 'অধীর' নামক এক ঝড় এসে তছনছ করে দেয় চারটে জীবন। যে ঝড়ের থাবায় আকাশ হারায় স্মৃতিশক্তি, সন্ধ্যা হারায় তার শুভ্র পুরুষকে, সৌম্যের কপালে জোটে ব্যর্থতা, অভাব অনটন, না পাওয়া আর ইরার স্মৃতিতে পরে থাকে মা ডাক না শোনা ও এসিডে ঝলসানো মুখ। তবে সন্ধ্যা থেমে থাকেনি। তার শুভ্র পুরুষের ছোট্ট অংশ সৃজনকে বুকে নিয়েই শুরু হয় নতুন পথচলা। তবে মনের এক কোণে জমে থাকে এক টুকরো আশা যে, একদিন তার শুভ্র পুরুষ তার কাছে ফিরে আসবে। কারণ স্মৃতি হারিয়ে গেলে ও মানুষের ভালোবাসা আর অনুভূতি তো নষ্ট হয়ে যায় না। আবার আকাশের যন্ত্রণা ও আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। আকাশের শক্তি ও দুর্বলতা, দুটোই তার ভালোবাসা। স্মৃতিশক্তি হারিয়ে যেমন আকাশ তার সন্ধ্যামালতিকে ভুলে থাকতে পারেনি তেমনি স্মৃতিশক্তি ফিরে পেয়ে ও তাকে দূরে থাকতে হয়েছে তার সন্ধ্যামালতি তার ছোট্ট সৃজনের কাছ থেকে ।লেখক গল্পটিতে স্মৃতি হারানোর যন্ত্রণা, অপেক্ষা আর মিলনের আকুতি অসাধারণ ভাবে এঁকেছেন ।পাশাপাশি সৌম্য ও ইরার অপূর্ণতা ও গল্পে ভীষণভাবে অনুভব করেছি। তাই এখানে লেখককে একটা ধন্যবাদ দিতেই হবে। তাছাড়া পাঠক হিসেবে আরো কিছু চরিত্র আমার মন ছুঁয়ে গেছে। যেমন নিয়াজের বন্ধুত্ব, আসমানি নওয়ানের মা হয়ে সন্ধ্যাকে আগলে রাখা আর অরুণ তো আছেই। তবে গল্পটা শুরুর দিকে আমার কাছে কিছুটা ধীরগতির মনে হয়েছে। যদিও গল্পটা অসমাপ্ত তবুও শেষ পর্যন্ত সন্ধ্যামালতি তার শুভ্র পুরুষের বুকে স্হান পায়, দীর্ঘ অপেক্ষা আর যন্ত্রণার পর দুজনের চোখের জলে জমে থাকা সকল কষ্ট ধুয়ে মুছে যায়, সেই মুহূর্তটা পাঠক হিসেবে আমাকে স্বস্তি দিয়েছে। আশা করছি আকাশ ও সন্ধ্যা যে আভাস পেয়েছে, সে সূত্র অনুসরণ করে তারা অদৃশ্য শত্রুর মুখোশ উন্মোচন করতে পারবে।অপেক্ষায় রইলাম দ্বিতীয় খণ্ডের, যেখানে লেখক আমাদের আরো নতুন নতুন চমক উপহার দিবেন। "আমি তার সন্ধ্যামালতি" উপন্যাসটি লেখক ডি আর এম সোহাগের কলমের জাদুতে হয়ে উঠেছে ভালোবাসা আর আবেগে ভরা, মন ছুঁয়ে যাওয়া এক মায়াভরা গল্প। সাধারণ কথাগুলো উনার হাতে এমন প্রাণবন্ত হয়ে উঠে যে, একজন পাঠক হিসেবে পাতার পর পাতা পড়ে ও ক্লান্ত হই না, বরং গল্পের শেষটুকু জানার জন্য মন ছটফট করে। মনে হয় গল্পটা কখনো শেষ না হোক। আর এখানেই আমি বলব, একজন লেখকের আসল সার্থকতা এবং সবচেয়ে বড় জয়। একজন লেখক তখনই সার্থক, যখন পাঠক গল্পের সাথে একাত্ম হয়ে যায়। লেখক সাহেব আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি যেন এভাবেই আপনার লেখনীর মাধ্যমে আমাদের আরো অসংখ্য সুন্দর গল্প উপহার দিতে পারেন। ❤️