

"আমাকে বিয়ে করবি উদিতা?" উদিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, "নাহ!" সাফিন কাতর কণ্ঠে বলল, "এত নিষ্ঠুর কেন রে তুই?" "কারণ আমি জীবনে একটু শান্তি চাই। নিজের একটি ঘর চাই সাফিন ভাই। নিজের একটি সংসার চাই। আর তোমাকে বিয়ে করলে এসবের কিছুই পাব না আমি সাফিন ভাই। কারণ তোমার মা কোনো দিনও আমাকে মেনে নেবেন না।" সাফিন এবার উদিতার হাঁটুর কাছে এসে বসে বলল, "এই উদিতা, বিশ্বাস কর, বিয়ে র পর আমি তোকে নিজের সাথে ঢাকা নিয়ে যাব। ওখানে তোর নিজের ঘর থাকবে। তোর নিজের সংসার থাকবে।" "আমাকে বিয়ে করলে তুমি মা-বউকে একসাথে নিয়ে চলতে পারবে না কখনো। আর এটা একজন পুরুষের জন্য অনেক বড় মানসিক যন্ত্রণা সাফিন ভাই। আর মামি আমাদের প্রতি যতই অন্যায় করুক না কেন, সেই কিন্তু আমাদের মাথায় ছাদ দিয়েছে, যেখানে আমাদের নিজের বাবা-মাই আমাদের ছুড়ে ফেলে চলে গিয়েছিল। সেই মানুষটার মনে কষ্ট দিয়ে আমি আলাদা ঘর বাঁধি কী করে, সাফিন ভাই?"