

রাশেদের প্রথম পক্ষের স্ত্রী-সন্তান আছে জানার পরও আমি তার সাথে সংসার করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম ভালোবেসে তাকে আমার করে রাখব। প্রথমে অবশ্য আমি জানতাম না সে বিবাহিত। না জেনে, তাকে একটু নিজের করে পাওয়ার লোভে কুড়ি বছরের আমি তেত্রিশ বছরের রাশেদের গলায় মালা পরিয়েছিলাম। কী পাগলামি করেই না বিয়ে করেছিলাম ওকে! পরে যখন জেনেছিলাম সে বিবাহিত, এক বাচ্চার বাপ। সব জেনেও আমি সংসার তার সাথে করতে চেয়েছিলাম। আসলে ভালোবাসায় অন্ধ ছিলাম। ভুল-সঠিক বিবেচনা বোধ কমে গিয়েছিল।