

ভালোবাসা মানেই কি সবসময় মুখে প্রকাশ করা? নাকি কিছু অনুভূতি নীরব থেকেও প্রিয় মানুষের হৃদয়ে নিজের অস্তিত্ব জানান দেয়? “একই পরিবারের, একই ছাদের নিচে ছোটবেলা থেকে বেড়ে ওঠা রুদ্ধ ও আরু—স্বভাবে যেন একে অপরের সম্পূর্ণ বিপরীত দুই মেরু।” রুদ্ধ কখনো আরুকে বলেনি, “ভালোবাসি।” অথচ আরুর ছোট্ট ছোট্ট আবদার পূরণ করা, অকারণে শাসন করা কিংবা অন্য কারও সান্নিধ্যে আরুকে দেখলে চোখেমুখে ফুটে ওঠা ঈর্ষা—সবকিছুতেই যেন লুকিয়ে আছে এক অপ্রকাশিত অধিকারবোধ। যে অনুভূতির কোনো স্বীকারোক্তি নেই, অথচ যার গভীরতা অস্বীকার করারও উপায় নেই। রুদ্ধর ফিরে আসার অপেক্ষায় আরুর হৃদয়েও জমেছে কতশত না বলা অনুভূতি। এবার কি সেই নীরব ভালোবাসা পাবে পূর্ণতা? অন্যদিকে, একই পরিবারের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আহি ও ইয়াজ। যাদের কথার লড়াইয়ে কখনো বিরতি নেই, খুনসুটিতে ক্লান্তি নেই। একে অপরকে বিরক্ত করাই যেন তাদের নিত্যদিনের অভ্যাস। অথচ এই ঝগড়া, অভিমান আর খুনসুটির আড়ালে অজান্তেই জন্ম নিয়েছে এক অদ্ভুত মায়া। যে মায়ার নাম দিতে দুজনের কেউই যেন প্রস্তুত নয়। এক পরিবারে পাশাপাশি বয়ে চলেছে দুটি ভিন্ন অনুভূতির স্রোত—কোথাও না বলা ভালোবাসার অপেক্ষা, কোথাও অভিমানের আড়ালে লুকিয়ে থাকা টান। পারিবারিক বন্ধন, মিষ্টি খুনসুটি আর হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু অনুভূতির গল্প নিয়ে—‘মন ছুঁয়েছে রোদ্দুরে’ (প্রথম খণ্ড)।