

সাত বছরের সংসারজীবনে আমার গল্পটা আর পাঁচজনের মতো স্বাভাবিক ছিল না। নিয়মিত স্বামী, শাশুড়ি ও ননদের কাছ থেকে তাচ্ছিল্য পেলেও দিনশেষে একবেলা পেট ভরে খাবার জুটত না। নিজ হাতে হাঁড়ি হাঁড়ি রান্না করলেও আমার জন্য অবশিষ্ট থাকত পাতিলের তলায় লেগে থাকা উচ্ছিষ্টটুকু। তবুও মানিয়ে নিয়েছিলাম। তবে ভুলে গিয়েছিলাম, সংসার কখনো একজনের চেষ্টায় টিকে থাকে না। প্রয়োজন হয় দুজনের সমান প্রচেষ্টার। অথচ আমার স্বামীর কাছ থেকে সেই ‘চেষ্টা’ নামক কোনো শব্দের অস্তিত্বই অনুভব করিনি। অপরদিকে দেখেছিলাম, আমার ভাই-ভাবির সুখের সংসার। যেখানে একে অপরের মন বুঝে চলার অভাব ছিল না। ছিল না সংসারে ‘অশান্তি’ নামক কোনো বিষাক্ত শব্দের উপস্থিতি।