

বছরখানেক আগেও 'ফাইভ স্টার ক্লাবের' পাঁচ বন্ধু অর্থাৎ বাচ্চু, রেজা, মিলু, রানা আর জাকি প্রায়ই লালামামার বাড়িতে যেত গল্প শুনতে। পরে সেই 'প্রায়' আস্তে আস্তে হয়ে যাচ্ছিল 'মাঝেমধ্যে'। এখন সেই 'মাঝেমধ্যে'টাই হয়ে যায় অনেকদিন পর পর। কারণ ইদানীং লালামামা বাড়িতে খুব কম থাকেন-প্রায় সারা বছরই কোথায় কোথায় জানি ঘুরে বেড়ান-শুধু দেশেই নয়, বিদেশেও। হঠাৎ করে বাড়িতে এলেও খুব বেশি দিন থাকেন না, সপ্তাহখানেকের মধ্যেই আবার উধাও হয়ে যান অনেক দিনের জন্য। আর বাড়িতে থাকলেও গল্প বলার মুডে থাকেন না। অধিকাংশ সময়ই মোটা মোটা বই পড়েন, সেগুলো আবার বাংলা বই নয়, অর্ধেকের বেশি ইংরেজি।