

Language
বাংলা
Pages
196
Published by
মানুষের জীবনে এক অসাধারণ আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ দিক হলো ধর্ম। এই ধর্মকেই মানুষের জীবনধারায় সবচেয়ে আদি ও অনিবার্য বিষয় হিসেবে গণ্য করা হয়। তাই মানবজাতির ইতিহাস মানেই ধর্মেরই ইতিহাস। প্রাগ-ঐতিহাসিক, ঐতিহাসিক, প্রাচীন বা আধুনিক জীবনে কোন না কোনভাবে ধর্মের উপস্থিতি লক্ষ করা যায়। সকল যুগে, সংস্কৃতি ও সভ্যতা বিকাশের সকল স্তরে, পৃথিবীর সকল দেশের মানবগোষ্ঠীর মধ্যে স্বমহিমায় বিদ্যমান ছিল ধর্ম। ধর্মকে মানুষের জীবন থেকে কখনোই আলাদা করা যায় নি। একে তাই মানবজীবনের অনিবার্য ও অবিভাজ্য বৈশিষ্ট্য বলা যায়। পৃথিবীর সকল দেশ ও কালের মানুষ কোন না কোন ধর্মের অনুশীলন করেছে। আজ পর্যন্ত আবিষ্কৃত প্রায় চার হাজার বিভিন্ন ধরনের ধর্মের প্রতিটির মূল বিষয় ছিল অতিপ্রাকৃতিক, অলৌকিক বা অস্বাভাবিক কোন বিষয়ে বিশ্বাস। পৃথিবীর সকল দেশ ও কালের মানবসমাজেই এ জাতীয় ধর্মবিশ্বাস বা অতিপ্রাকৃত শক্তি ও কল্পনার অস্তিত্ব ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রাচীন কালের নিরক্ষর সমাজে কিংবা আদিবাসী সমাজগুলোতে ধর্ম তাদের সকল কাজকর্মের সর্বাত্মক প্রভাবক শক্তি ছিল। সমাজের সাধারণ মানুষ থেকে শুরু করে শাসক পর্যন্ত সকলের নিকট ছিল প্রথম এবং প্রধান অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বা জাতীয় জীবনে কারো পক্ষেই ধর্মের প্রভাব বা ভূমিকা অস্বীকার করা সম্ভব ছিল না। সভ্যতার উন্মেষের প্রথম প্রহর থেকে ধর্ম ছিল একটি সর্বজনীন ও স্থায়ী প্রভাবক। ধর্ম ছাড়া পৃথিবীর আর কোনো মতবাদ, বিষয়, ঘটনা বা কর্মপন্থা মানবজীবন, সমাজ, সভ্যতা ও সংস্কৃতির ওপর এমন সর্বব্যাপী প্রভাব বিস্তার করতে পারেনি। মূলত মানবত্মার মুক্তি ও কল্যাণ কামনার কারণে মানবজীবনে ধর্ম অনিবার্য হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই মানুষ ধার্মিক। তার মন, মানসিকতা, চিন্তা ও কর্মের সাথে সহজাত সম্পর্ক রয়েছে ধর্মের। মানুষের জীবনের সাথে এমন ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বহুমাত্রিক বিশ্বাস ও বিচিত্র উপাদান যুক্ত হয়েছে। বিচিত্র বিশ্বাস ও বহুমাত্রিক কর্মে ধর্ম পৃথিবীর সকল মানুষকে তার বলয়ভুক্ত করে রেখেছে। ধর্মীয় বিশ্বাস মানুষকে বিভিন্ন ধারায় অদৃশ্য ও অস্পৃশ্য শক্তিকে উপলব্ধি করতে বাধ্য করেছে। তাই সমাজতত্ববিদ, নৃবিজ্ঞানী ও ধর্মতত্ববিদগণ ধর্মকে পার্থিব জীবনের একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন। পৃথিবীর সকল ধর্ম অপরের প্রতি ভালবাসা ও সহানুভূতিশীল হতে শিক্ষা দেয় এবং মানুষকে সর্ব্বোচ আত্ননিয়ন্ত্রণ ও মানবতার কল্যাণের প্রতি অনুপ্রাণিত করে। তথাপি বর্তমান বিশ্ব সংঘাত, শক্রতা ও ধর্মীয় বিদ্বেষের কারণে বহুধা বিভক্ত। এমতাবস্তায় পৃথিবীর বিভিন্ন ধর্মকে সঠিকভাবে উপলব্ধি করতে না পারলে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা অসম্ভব। আর তাই বিভিন্ন ধর্মের অনুসারীদের এক অপরকে আরো ভালোভাবে জানা দরকার। অতীতে যে কোন ব্যক্তি বা সমাজ বিচ্ছিন্নভাবে থাকতে পারতো। কিন্তু বর্তমানে সবাই একত্রে থাকতে বাধ্য হচ্ছি। আর এ কারণেই ঐতিহাসিক ভিন্নতা সত্ত্বেও সকল ধর্মের অনুসারীদের বিভাজন পরিহার করে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করা অতি জরুরি। একই কারণে বিভিন্ন সংস্কৃতির সাথে সম্পৃক্ত লোকদের এগিয়ে আসতে হবে। যদি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির সদস্যরা কাছাকাছি না আসে ধর্মান্ধ ও বর্ণবাদীরা সুবিধা ভোগ করবে, রাজনৈতিক সুবিধাভোগীরা স্বীয় স্বার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। আর এটা মানবসমাজের নৈতিক গঠন কাঠামোকে সর্বাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এই বাস্তবতায় সুন্দর সমাজ ও শান্তিময় পৃথিবী প্রতিষ্ঠায় নিজধর্মকে ভালভাবে জানা, অর্ন্তনিহিত বিষয়গুলো উপলব্ধি করা ও অনুশীলন করার পাশাপাশি অন্য সকল ধর্মকেও সমানভাবে শ্রদ্ধা করা, অন্য ধর্মাবলম্বীদেরকে সম্মান করা, সম্প্রীতি বজায় রাখা জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি সকল ধর্ম ও সংস্কৃতিকে নানা আঙ্গিকে জানা এবং ধর্ম সম্পর্কিত নানা পরিভাষা, শব্দ, উপকথা এবং এগুলোর ব্যাখ্যা সর্ম্পকে একটি স্বচ্ছ ধারণা থাকলে ব্যক্তির ধর্ম সর্ম্পকে একটি মুক্তমনা দৃষ্টিকোণ তৈরি হবে। মূলত সেই উদ্দেশেই এই পুস্তকটি রচিত হয়েছে।