

কয়েক মিনিটের মধ্যেই স্টেশনের কাছ থেকে সরে এসে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় উঠলাম। মাটির চওড়া রাস্তাটা এঁকেবেঁকে চলে গেছে। চাঁদটা পরিষ্কার হয়েছে। তবে এমনিতেই কৃষ্ণপক্ষের চাঁদ, তার ওপর কুয়াশার চাদরে ঢেকে জ্যোৎস্না অনেকটাই ফ্যাকাশে। সেই আলোয় বেলেমাটির রাস্তাটাকে সাদা লাগছে। ফেনীর গ্রামগুলোর মত এখানেও দুই পাশে ফসল কাটা ঢেলা মাটির খেত। সামনে-পিছনে ডাইনে-বাঁয়ে চারদিকেই বহুদূর দেখা যায়। চাঁদের ঘোলাটে আলো, কুয়াশা, সাংঘাতিক নির্জনতা, সব কিছু মিলিয়ে কেমন ভূতুড়ে লাগে।