

‘নেতা’ শব্দটি উচ্চারণ করলেই অধিকাংশের মানসপটে রাজনীতিবিদের ছবি ভেসে ওঠে। নেতার প্রতীকী চরিত্র যেন রাজনীতিবিদ। যদি প্রশ্ন করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কি নেতা নন? উত্তর হিবে হ্যাঁ, তিনি নেতা। তিনি একাডেমিক নেতা। একজন ডাক্তার যিনি হাসপাতাল পরিচালনা করেন, তিনি কী? তিনি হাসপাতালের ডাক্তারদের নেতা। একটি হাসপাতালের সকল নার্সদের যিনি পুরিচালনা করেন, তিনি? তিনি নার্সদের নেতা। কোনো প্রতিষ্ঠানের পরিচ্ছন্নকর্মীদের যিনি প্রধান, তিনি কি নেতা নন? হ্যাঁ তিনি পরিচ্ছন্নকর্মীদের নেতা। একইভাবে পরিবারের প্রধান পারিবারিক নেতা। একজন প্রকৌশলী, যার অধীনে অনেক প্রকৌশলী কাজ করেন; রেস্টুরেন্টের বাবুর্চি যে কয়েকজন সহযোগী নিয়ে রান্না করে থাকে, একটি উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা, তাঁরা প্রত্যেকেই একেকজন নেতা। নিজ নিজ কর্মক্ষেত্রে নেতা। যিনি দেশের সরকারের প্রধান, তিনি সকলের নেতা। যদি প্রশ্ন করা হয়, চোরের দলের সর্দার কে? উত্তর হবে চোরের দলের নেতা। ডাকাত দলের সর্দার? সে ডাকাত দলের নেতা । তাহলে নেতা নয় কে? আসলে আমরা প্রত্যেকেই নেতা হিসেবে কোনো না কোনো ভূমিকা পালন করে থাকি। ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে, কোথাও না কোথাও আমরা সবাই নেতা। একজন মানুষকে কোনো লক্ষ্যে পরিচালিত করার দায়িত্ব যার কাঁধে, তিনিই নেতা। এটা কোনো প্রশ্ন হতে পারে না,আপনি-আমি নেতা কি না? প্রশ্নটা হবে, আমরা কে কেমন নেতা, ভালো নেতা নাকি খারাপ নেতা?