

সকল কেনাকাটা শেষ করে মার্কেট থেকে বের হয়ে একটা কফি শপে বসে রুবি। বড় ফুফু কল দেওয়ার পর থেকে তার নানান গল্প মনে পড়ে যাচ্ছে। এই ফুফুই একদিন বলেছিলো, ' দেখমু কী গরু ছাগলের ডাক্তার হয় মাইয়্যা! বাবাগো বাবা! মাইয়্যা নাকি ডাক্তার অইয়া গ্রামের মাইয়াগো সেবা করবো। মাইয়্যা মানুষ সেলাই করবো কাপড় আর কাঁথা। তারা মাইনষের শইল সেলাই করবো। ভাবুন যায়!' সেই ফুফু আজকে ফোন দিয়েছেন তার নিজের বড় মেয়েকে কোথায় ভর্তি করাবেন সেই পরামর্শ চেয়ে। ব্যাপারটা ভালো এবং রুবির বেশ ভালো লাগছে। সে এখনো গ্রামে থাকা শুরু করেনি তাতেই পরিবর্তন শুরু হয়েছে। তার মানে রুবি পেরেছে। মনে প্রাণে যত পরিবর্তন করতে চেয়েছে তার কোন একপাশ থেকে সামান্য হলেও পরিবর্তন শুরু হয়েছে। এটাই কম কী! এসব নানান কথা যখন সে ভাবছে তখন তার ফোনটা আবার বেজে উঠলো। বাবা দিয়েছেন। - মা জানিস ? তুই আসবি শুনে পুরো গ্রামে সাজ সাজ রব শুরু হয়েছে ? - কেন বাবা ? বেশিরভাগ মানুষ চায়নি আমি ডাক্তার হই। আজ তাদের এতো পরিবর্তন কেন ? - সময় পাল্টায় মা! সময় পাল্টায়! অনেকে নিজেদের প্রিয়জন আপনজন হারিয়ে এখন সঠিক চিকিৎসার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে। - বাবা! আমরা যা চেয়েছিলাম সেটা কি কিছুটা হলেও করতে পেরেছি। - অনেকটা পেরেছি, মা। তুই এবার আসলে নিজের চোখে দেখতে পারবি। আগে মানুষ টিটকারি মারতো আর এখন মানুষ সালাম দেয়, হাত মিলায়, ডেকে চা খাওয়ায়।