

‘কাবার পথের যাত্রী (প্রথম খণ্ড)’ বইটি মূলত একটি ভ্রমণকাহিনীর পটভূমি। লেখক শাহ্ মোস্তফা খালেদ ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা করেছেন এই বইতে। হজ বা ওমরাহ করতে অনুপ্রাণিত করবে এই বই। অন্যান্য নানা প্রসঙ্গের মধ্যে এসেছে হজ বা ওমরা-যাত্রার প্রস্তুতির কথা। আর্থিক ও স্বাস্থ্যগত প্রস্তুতি নিলেও বেশিরভাগ যাত্রীই মনস্তাত্ত্বিক প্রস্তুতির বিষয়ে সচেতন থাকেন না। অথচ প্রস্তুতির মূল দিক সেখানেই। এর বাইরে থাকছে হজ বা ওমরার নিয়মকানুন জানা। নিয়মকানুন বিষয়ক প্রস্তুতি কীভাবে নিতে হবে, তা থেকে শুরু করে মনের দিক থেকে কতটা কীভাবে তৈরি হতে হবে, তার বর্ণনা করেছেন লেখক নিজের অভিজ্ঞতার আলোকে। হজ ও ওমরার নিয়মকানুন বিষয়ক বই-পুস্তক, প্রশিক্ষণ, ও ইন্টারনেটে লভ্য নানা উপকরণের কথা লিখেছেন খালেদ। লিখেছেন আরবি ভাষা শেখা ও কোরআনের পৌনঃপুনিক পাঠ ও উপলব্ধির গুরুত্ব নিয়ে। তার বাইরে মূলত জোর দিয়েছেন মনস্তাত্ত্বিক প্রস্তুতির দিকে। সে প্রস্তুতির অংশ হিসেবে হজরত মুহাম্মদ (সা.), ইবরাহীম (আ.), ইসমাইল (আ.), হাজেরা, ও হজরত মুহাম্মদ (সা.)-এর সাহাবিদের জীবনী পাঠ ও উপলব্ধির উপর গুরুত্ব দিয়েছেন, বিস্তারিত পাঠতালিকা যুক্ত করেছেন লেখার সাথে। এসবের পাশাপাশি রমজান মাসে ওমরাহ করা, ওমরাহের আনুসাঙ্গিক খরচ, ভিসা, এজেন্টের সাথে যোগাযোগ করার জটিলতাসহ অন্যান্য যাত্রা প্রস্তুতির আলোচনা এসেছে বইটিতে। ‘কাবার পথের যাত্রী’ বইটি পড়ে ওমরা যাত্রার আগ্রহ তৈরি হতে পারে। এর জন্য প্রকৃতই দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন। প্রয়োজন মনকে প্রস্তুত করা। প্রয়োজন আল্লাহর কাছে প্রার্থনার – যেন তিনি পথনির্দেশ, শক্তি ও সামর্থ দেন।