

সমাজের খেটে খাওয়া মানুষের সাথে মিশে যাওয়া অতি সাধারণ একজন মানুষ আমি। চোখ দিয়ে এই জীবনে অনেক কিছু দেখেছি, শিখেছি সেখান থেকেই। শিখতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছি জীবনে। বিশ্বাস করে মানুষের কাছে ঠকেছি অনেকবার। তবুও মানুষকে খুব সহজেই বিশ্বাস করি। এইটুকু বিশ্বাসের জোরেই আজ অনেক কিছু লিখার সাহস পাই। জীবন থেকে চুরি করে নেয়া অনেক ঘটনা গুছিয়ে লিখলেই সেটা গল্প হয়ে যায়। একটা গল্পের বিষয়বস্তু সমাজ থেকে, সমাজের মানুষের কাছ থেকেই ধার করে নিতে হয়। একটি গল্প শুধু গল্পই নয়, সমাজচিত্রের আয়না। তাই যেকোনো গল্পই সমাজ পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখে। সকল অনিয়মের বিরুদ্ধে মানুষকে সচেতন রাখতে সৃষ্টিশীল কথাসাহিত্যের কোনো বিকল্প নেই। আমি উপন্যাসিক বা লেখক নই। তবুও আমার এই ক্ষুদ্র লেখার মাধ্যমে পাঠক হয়তো আমাকে আজ লেখক হিসেবে পরিচিতি দিবে। তবে আমার এই উপন্যাসে দুটি প্রধান চরিত্রের মাধ্যমে সকলের কাছে যে বার্তা দিয়েছি তা সবাই বুঝতে পারলেই আমার লেখার স্বার্থকতা। আপনাদের অনুপ্রেরণা আর ভালোবাসায় "বঙ্গ রসের সংসার" একদিন পাঠক সমাজে সমাদর পাবে, স্বপ্ন দেখি। স্বপ্ন দেখা কেউ কোনো দিন রোধ করতে পারে না।