

‘সুহৃদ রহমান আমার ঘনিষ্ঠতম বন্ধু। সে একজন মাঝবয়সী নবীন লেখক। গল্প, কবিতা, ছড়া লিখতে লিখতে সে বড়ো হয়েছিল, লিখেছেও ভূরি ভূরি, কিন্তু সাহিত্যমহলে তার আত্মপ্রকাশ ঘটলো ঔপন্যাসিক হিসাবে। সুহৃদ রহমান তার আসল নাম, কিন্তু বইয়ের ওপর সে এক ছদ্মনাম ছেপে দিল।’ ‘স্খলন’ নামে এক উপন্যাস লিখে হৈচৈ ফেলে দিয়েছেন এই ছদ্মলেখক। তার স্ত্রী, পুত্রকন্যা, ভাইবোন-শ্যালক-শ্যালিকা ও বন্ধুমহলে হুহু করে খ্যাতি ছড়িয়ে পড়লো। কিন্তু এ উপন্যাসটি প্রকাশ করতে গিয়ে তাকে যে বিড়ম্বনার মধ্য দিয়ে এগোতে হয়েছিল, তা ছিল ‘হৃদয়বিদারক’। একজন নবীন লেখকের প্রথম বই ছাপা হওয়ার উপর ভিত্তি করে হাস্যরসের এ উপন্যাসটি রচিত হয়েছে। সেই সাথে আছে ‘ছদ্মলেখকের’ জীবনের নানা ঘাত-প্রতিঘাত অভিজ্ঞতার, প্রেম ও বিরহবেদনার করুণ কিছু চিত্র। এটি খলিল মাহ্মুদের তৃতীয় উপন্যাস, ২০০৪ সালের একুশে গ্রন্থমেলায় আমির প্রকাশন, বাংলাবাজার থেকে প্রকাশিত।