

ভোরের আলো এখনো ফুটে নি আবছা একটা অন্ধকার এখনো রয়ে গেছে। এতক্ষণে হয়তো আকাশে লাল আভা দেখা যেত কিন্তু আকাশ মেঘলা থাকায় আবছা ভাবটা এখনো কাটেনি। ঘন শিশিরের মত একটা বৃষ্টি হচ্ছে। চিত্রাকে ভোর সাড়ে চারটার ট্রেনে উঠিয়ে দিয়ে এসে সোফায় গা এলিয়ে দিলুম। ভোরবেলার ঘুমের রেশ এখনো কাটেনি তাই চোখটা বুজতে না বুজতেই কেমন একটা তন্দ্রা তন্দ্রা ভাবে ঢলে পড়লুম। হঠাৎ প্রচন্ড শব্দে বাজ পড়লো। চমকে উঠে বসলুম ঘুম ঘুম ভাবটা কাটানোর জন্য এক কাপ কফি হাতে জানালার পাশে বসে পড়লুম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টির ভাবটা যেন বাড়ছে। জানালা থেকে ওই দূরে ধানক্ষেতে উপরে তাকালে কেমন ঝাপসা দেখা যাচ্ছে অর্থাৎ সেখানে ঝুম বৃষ্টি হচ্ছে। মাঝেমধ্যে হালকা হিমেল বাতাস গায়ে কাঁপুনি দিয়ে যাচ্ছে। এমন একটা পরিবেশে আবার সেই দিনটির কথা মনে পড়ে গেল, ঠিক এমনই একটা ভোরে চিত্রাকে দেখেছিলুম।