

তৌহিদের নীতির উপর তথা অদ্বৈতবাদের নীতির উপর মহা এক অদৃশ্য শক্তির নিকট আত্মসমর্পণ করার নাম ইসলাম ধর্ম। এই আত্মসমর্পণ কোন একজন রাসুলের মাধ্যমে করিতে হয়। মানুষ প্রকৃতিগতভাবেই তৌহিদ বিরোধী। পার্থিব জীবনে মৌলিক প্রয়োজনীয় অসংখ্য বস্তুর উপর নির্ভরশীল দেহ ও মন স্বভাবতই তৌহিদ হইতে বিকেন্দ্রিক ভাব বহন করিবে। স্বভাবগত এই বস্তুবাদী বিকেন্দ্রিক মনকে কেন্দ্রের দিকে আকৃষ্ট করিয়া তোলা একটি দুরূহ ব্যাপার। অদ্বৈত তৌহিদ-ধর্ম প্রকাশের পথে সর্বপ্রথম যে সকল বিরোধী ভাব চোখে ধরা পড়ে তাহা হইল মূর্তিপূজা অর্থাৎ স্থুলভাবে বহুর পূজা। মূর্তিপূজা এবং তৎসংলগ্ন কয়েকটি সামাজিক কদাচার বাদ দিলে উহাকেই আমরা তৌহিদ ধর্ম বলি। মোহাম্মদী ইসলাম এইরূপ একটি মামুলী তৌহিদ ধর্ম নয়, যদিও ইহা তাহার বাহ্যিক রূপ।