

আমার স্বামীও কয়েকজন বিশ্বনন্দিত গুণীজনের সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও-এর উপদেষ্টা নিযুক্ত হলেন। তাদের প্রথম সভা হবে রোমে, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি। ঠিক হলো আমিও হব তার সফরসঙ্গী। মহা আনন্দে, আবেগে কাটছিল আমার পুরো জানুয়ারি মাসটা। প্রথমবারের মতো রোমে যাওয়ার সুযোগ হলো আমার। আমার বাবা দেওয়ান আব্দুর রব চৌধুরী (ষাটের দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানের মন্ত্রী) ১৯৫২ সালে রোমে গিয়েছিলেন, সেই ফাও-এর আরেকটি সভায়। আমার আবেগও তাই একটু বেশি। কত প্ল্যান, কত কিছু। টিকেট হলো ২৩ ফেব্রুয়ারি ২০২০। প্রথমে রোমে যাব। দুদিন পর ভ্যাটিকান, এবং তারপর ভেনিসে যাব এক সপ্তাহের জন্য, এভাবেই ঠিক হলো আমাদের প্রোগ্রাম। ডিসেম্বরের শেষের দিকেই শুনেছিলাম চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণের খবর। কেন জানি না খবরটা মনে অতটা দাগ কাটে নি। ২০০২ সালে সোয়াইন ফ্লু-র কথা প্রচুর শুনেছিলাম। প্রায় সবাই বেশ কিছুদিন মুরগি খাওয়া থেকে বিরত ছিলাম। ২০০৯ সালে বেশ কয়েকটা দেশে সার্স মহামারি আকারে দেখা দিয়েছিল। কিছুদিন পর সেটাও বিলুপ্ত হয়ে যায়।