

দেবলীনা সেন বড়ই চিন্তিত। তিনি বাসা থেকে পালিয়ে বড় দাদার বাসায় আছেন বর্তমানে। যেন কেউ না জানে কোথায় তিনি, তাই এখন সকল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে আছেন। হোয়াটসআপে, ফেসবুকে আর পাওয়া যাচ্ছে না তাকে। উনি বেশ ভয়ে আছেন। যদিও তিনি নির্দোষ, তথাপিও পুলিশি কেসকে ভয় করেন, হাজতকে ভয় করেন। সবচেয়ে বড় কথা হল মান-সম্মান। তাকে যদি আজ পুলিশে ধরে নিয়ে যায় তাহলে তো জেলের ভাত দু'চারদিন খেতে হবে। কোথায় বা কাদের সাথে রাখবে। কী খাওয়াবে আর কী খাবে? আর লোকেই বা কী বলবে আড়ালে? দেবলীনা সেন বেশ ভদ্রমহিলা, তাই নিজের সম্মান বাঁচাতে বড় দাদার বাসায় আশ্রয় নিয়েছেন। এদিকে দেবলীনার বড় দাদা প্রতুল সেন, তিনি বন বিভাগের কর্মকর্তা। ছোট বোনের জন্য যা করার দরকার, তিনি তাই করছেন। ওনার এক বন্ধু এসপি আছেন। একটু দূরে অন্য ডিস্টিকে। প্রতুল বোনকে সান্ত্বনা দেন, 'চিন্তা করিস না, আমি দেখছি।'