

গভীর রাত, হঠাৎ অমিতের ঘুম ভেঙে গেল। পানির পিপাসায় ওর বুকটা যেন ফেটে যাচ্ছে। বেডরুম থেকে সোজা ডাইনিং রুমে চলে এলো অমিত। ফ্রিজ খুলে পানির বোতলটি হাতে নিলো, হঠাৎ চোখ পড়ল টেবিলের উপর রাখা একটি বিয়ের কার্ডের উপর। পানি পান করে কার্ডটি হাতে নিয়ে চলে এলো বেডরুমে। বিছানায় আরাম করে বসে কার্ডটি খুলল। বেশ কারুকার্যময়। ভেতর থেকে ভিন্ন রকমের একটা মাতাল করা ঘ্রাণ বের হচ্ছে। কার্ডে লেখা পাত্রীর নামটি অমিতের মনের ভেতরে এক উন্মাদনার কারণ হয়ে দাঁড়াল। অবশ্য উন্মাদনার যুক্তিসঙ্গত কারণও আছে বটে। সেদিনকার সেই হাফপ্যান্ট পরা পুচকে মেয়ে শ্রাবন্তীর বিয়ে। মাথা চক্কর দেওয়ার মতই তো খবরটা।