

গভীর রাত। আকাশের তারা মিটিমিটি জ্বলছে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ে বায়েজিদের ঘরে। বায়েজিদ তখন বিছানায় শুয়ে থাকলেও ঘুমায়নি। কাল তার প্রিয় মানুষটি চিরদিনের জন্য অন্যের হয়ে যাচ্ছে। আজ কি করে তার ঘুম পাবে? বিছানা থেকে উঠে বায়েজিদ জানালাটা খুলে দেয়। চাঁদের আলোয় ঘরটা পুরোই আলোকিত হয়ে যায়। জানালার পাশে দাঁড়িয়ে বায়েজিদ চুমকির কথা ভাবতে থাকে। ক্ষাণিক পর আকাশের দিকে তাকিয়ে থেকে সিদ্ধান্ত নেয়, সে শহরে চলে যাবে। গ্রামে থাকতে গেলে মায়ের স্মৃতি আর চুমকির স্মৃতিগুলো তাকে ভালো করে বাঁচতে দেবে না। তাই মায়ের স্বপ্নপূরণ করতে সকাল হলেই শহরে চলে যাবে বলে মনস্থির করল।