

দুজন ভালোবাসার মানুষ। একজন আরেকজনকে দেখেনি কোনোদিন। ঠিক হয় তাদের প্রথম দেখা হবে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের দিন, রমনার বটমূলে। আরেকদিকে ঐ দিনটিকে কেন্দ্র করেই চলে ভয়ংকর এক পরিকল্পনার। অবশেষে কী দেখা হয় ঐ দুজন ভালোবাসার মানুষের? নাকি এমনভাবে দেখা হয়, যা কেউ স্বপ্নেও কল্পনা করতে চায় না? চট্রগ্রাম যাবার পথে ট্রেনে পরিচয় হয় দুজন ছেলে-মেয়ের। কিন্তু রহস্যজনকভাবে মৃত্যু হয় মেয়েটির। সহযাত্রী ছেলেটি রেল পুলিশকে সাহায্য করতে থাকে মেয়েটির মৃত্যুর রহস্যভেদ করতে। কিন্তু শেষ দিকে লাফ দিয়ে এমন এক থলের বিড়াল বেরিয়ে আসে, যা সবার চিন্তার বাইরে। নেশার অতলে গা ভাসানো একটা ছেলে সব হারিয়ে সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করার। কিন্তু তার আত্মহত্যার কৌশল জানলে শিউরে উঠতে বাধ্য হবেন আপনি। প্রেমিকার পিছনে তিনবছর লেগে থাকা একটা সাইকোর হাতে জিম্মি হয় প্রেমিকের ছোট ভাই। ঘৃণার এই খেলায় বলি হবে কে? ভাই, নাকি ভালোবাসা? দেশের নামকরা একজন প্রকাশক, লেখক এবং অনুবাদক নিজ বাসার ছাদে মাঝরাতে দুই রাউন্ড গুলি হজম করে মৃত্যুবরণ করেন। এস আই সামি আদাজল খেয়ে নেমে পড়েন খুনের তদন্তে। একে একে বেরিয়ে আসে আরও অনেক প্রকাশক, লেখক এবং অনুবাদকের নাম। তবে খুনী আসলে কে, তা জানতে হলে তো আপনাকে গল্পটি পড়তেই হবে।। এমনই টানটান উত্তেজনা আর রহস্যে ঘেরা পাঁচটি থ্রিলার গল্প রয়েছে এই একটি বইয়ে। প্রতিটি গল্পেই রয়েছে ভিন্নতা। আছে ভয়াবহতা, আছে নৃশংসতা, আছে রক্তপাত। এর বাইরে আরও আছে মায়া-মমতা, আছে আবেগ-অনুভূতি, আছে ভালোবাসার টান। তাহলে আর কী? পড়তে শুরু করুন। গা ভাসিয়ে দিন রহস্যের অতলে। আপনাদের সবার সময় হোক গল্পময়।।