

রাসুল ﷺ এর জীবনী নিয়ে শুধু বাংলা মৌলিক রচনাই সহস্রাধিক। অনুবাদ মেলালে এ সংখ্যা আরও বহুগুণ। প্রত্যেক লেখকই এই সুমহান জীবনী একেক আঙ্গিকে, ভিন্ন ভিন্ন শিরোনামে সামগ্রিক জীবনচিত্র বা তার নির্দিষ্ট কোনো অধ্যায় নিয়ে আলোকপাত করেছেন। সেই মুক্তোমালার আরেকটি উজ্জ্বল মুক্তো বক্ষমান ‘মরুর বুকে সুরভিত ফুল’ পুস্তকটি। গ্রন্থকার এই কয়েক পাতার মলাটের ভেতর জন্মের শুরু থেকে রাসুল ﷺ এর পরলোকগমন অবধি প্রায় প্রতিটি অনুষঙ্গই অতি সংক্ষেপে তুলে ধরতে আপ্রাণ চেষ্টা করেছেন। লেখকের ভাষা প্রাঞ্জল, ঋজু; উপস্থাপনা সাবলীল, শব্দচয়ন সচেতন। সুদীর্ঘ সময়ের অধ্যয়ন, গবেষণার ফলাফল পাঠক এখানে পেয়ে যাবেন কয়েক ঘন্টায়। সিরাতের প্রাথমিক অধ্যয়নের জন্য বইটি খুবই উপযোগী। যেকোনো বয়সের, যেকোনো অঙ্গনের বইপ্রেমীর, জ্ঞানতপস্বীর জন্যই এটি একটি অমূল্য অবলম্বন।
শুরু করছি আল্লাহর নামে। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং উম্মতে মুহাম্মাদী হিসেবে আমাদের কবুল করেছেন। অগণিত দরুদ ও সালাম প্রিয় নবি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবারবর্গের ওপর এবং তাঁর সাহাবায়ে কেরামের ওপর। আর শান্তি বর্ষিত হোক কিয়ামত পর্যন্ত নিষ্ঠার সঙ্গে যারা তাঁর অনুসরণ করবে তাদের ওপরও। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুমহান ব্যক্তিত্বের অধিকারী এক মহামানব। তাঁর শান, মর্যাদা ও গ্রহণযোগ্যতার কাছে ধারে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। মা আয়েশা রাদিআল্লাহু তাআ'লা আনহাকে তাঁর ব্যাপারে জিজ্ঞেস করা হলে, তিনি বলেন : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বা চরিত্র হলো জীবন্ত কুরআন। আল্লাহর ওহী কুরআনকে নিজেদের জীবনব্যবস্থায় বাস্তবায়িত করতে হলে আমাদের জন্য জীবন্ত কুরআনের সম্পর্কে জানার গুরুত্ব অপরিসীম। তাঁকে নিয়ে জানার জন্যেই মুমিনের কর্তব্য হচ্ছে সীরাত অধ্যয়ন করা — যা মুমিন মুসলমানদের ঈমান ও আনুগত্যের দাবীও বটে। অন্তরে আল্লাহর আনুগত্যের মূল উপলব্ধি আনতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানা জরুরি, যা সীরাত অধ্যয়ন ছাড়া অসম্ভব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই মানবের জীবনি চর্চার লক্ষ্যেই — তাঁকে নিয়ে অধ্যয়ন বৃদ্ধির প্রয়াসে একাধিক সীরাতগ্রন্থের সমন্বয়ে আমিও অতি-সংক্ষিপ্তভাবে “মরুর বুকে সুরভিত ফুল” শিরোনামে এই গ্রন্থটি রচনা করেছি। বর্তমান প্রযুক্তির এই যুগে যখন সমাজব্যবস্থায় অবাধ পাপাচার সয়লাব তখনই আমাদের মূল আর্দশিক নেতা মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবসমাজের মাঝে তুলে ধরার লক্ষ্যেই তাঁর জন্ম থেকে ওফাত অবধি সময়কালকে অতিসংক্ষিপ্ত পরিসরে এই গ্রন্থে তুলে ধরেছি। বইটির নজরে সানী ও নিরীক্ষণের মাধ্যমে বইটিকে আরও গ্রহণযোগ্য করে তুলেছেন জামিয়া কাশেফুল উলুম, টাঙ্গাইলের মুদাররিস মাওলানা আব্দুল আজিজ সাহেব। এবং ভাষা সম্পাদনার কাজ আঞ্জাম দিয়েছেন বিনির্মাণ পাবলিকেশন - Binirman Publication এর প্রকাশক ইশতিয়াক আল হিন্দী ভাই। আল্লাহ তাদেরকে দ্বীনের খিদমতে শামিল রাখুন এবং তাদের ইলমে-আমলে আরও বারাকাহ দান করুন। বইটিকে পাঠকদের নিকটে সহজ ও সুন্দর করে পৌঁছানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। তবুও ভুল থেকে যাওয়া স্বাভাবিক। তাই সচেতন পাঠকের নজরে ভুলচুক এলে আমাদের জানানোর অনুরোধ রইল। পরবর্তীতে তা সংশোধন করা হবে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বিনির্মাণ পাবলিকেশন - Binirman Publication ও এই বইয়ের সাথে সম্পৃক্ত সবাইকে কবুল করুন। এবং আমার এই কাজকে সাদকাহ হিসেবে কবুল করুন। দু'আ রইল, আমাদের দ্বীনের পথচলা হোক সুন্দর। আল্লাহ আমাদের দ্বীনের খিদমত করার তাওফিক দান করুন। এবং আল্লাহ যেন বইটিকে আমাদের দুজাহানের নাজাতের মাধ্যম হিসেবে কবুল করেন। মুহাম্মদ ফিরোজ আল উনাইদ চাটখিল, নোয়াখালী। ১৩ই রজব, ১৪৪৪ হিজরী, ইয়াওমুল আহাদ ৪ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ
Read all reviews on the Boitoi app