

৬৪৭ হিজরি—১২৪৯ খ্রিষ্টাব্দ। চতুর্দিকে ক্রুসেডাররা মুসলিম অঞ্চলগুলো নিয়ে নতুন করে ভাবছে। আইয়ুবি সালতানাতের স্থিতিশীলতায়ও কিছুটা ভাটা পড়েছে। এমন বিক্ষিপ্ত সময়ে মারা গেলেন সুলতান নাজমুদ্দিন আইয়ুব। সুলতানের মৃত্যুসংবাদকে গোপন করে হাল ধরলেন সুলতানের স্ত্রী শাজারাতুদ দুর—মুসলিম সাম্রাজ্যের ইতিহাসে প্রথম নারী সম্রাট। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে শাজারাতুদ দুর গোপন রাখলেন সম্রাটের মৃত্যুসংবাদ। অবশেষে ঘোষণা দিয়ে আসীন হলেন মসনদে। কিন্তু; মুসলিম সালতানাতের সম্রাট একজন নারী? নববী মানহাজের সম্পূর্ণ বিপরীত এই ধারার বিরুদ্ধে দৃপ্তকণ্ঠে দাঁড়ালেন শাইখুল ইসলাম ইযযুদ্দিন ইবনে আব্দুস সালাম রহ.। বিক্ষুব্ধ হয়ে উঠল মুসলিম সালতানাত। শাজারাতুদ দুর বাধ্য হলেন শরয়ি সিদ্ধান্ত মেনে সরে দাঁড়াতে। তবে, অবলম্বন করলেন কৌশলী এক পথ। বিয়ে করলেন মামলুক সেনাপতি ইযযুদ্দিন আইবেককে।