

আমাদের বাসার সবকিছু টেনেটুনে চলে। আমাদের বাসা ভাড়া, বাজার, টিউশনি, পরীক্ষার রেজাল্ট সব । টানাটানির সংসার হলো এর সবচে সুন্দর নাম এবং আমরা এই টানাটানিতে অভ্যস্ত। এখন আমারা যদি কোনো কারণে বড় লোক হয়ে যাই তাহলে খুব বিপদ হবে। এত টাকা কোন জায়গায় খরচ হবে তাও চিন্তার বিষয় আমাদের মতো টানাটানি পার্টির জন্য। আমরা যদি হুট করে বড়লোক হয়ে যাই তাহলে সবচে ঝামেলায় পড়বেন আমার মা। উনি টাকা জমাতে খুবই ভালোবাসেন। প্রতি বার বাইরে বের হলে ফার্নিচারের দোকান গুলোয় এসির বাতাসে দরদাম করেন তারপর চলে আসেন। এটাই তার নেশা এবং শখ। এরচেয়ে ছোট ঝামেলায় পড়বেন আমার বাবা। তার একমাত্র শখ রাতে বাজারে গিয়ে যত শুকনো, শুটকি টাইপ সবজি মমির পর্যায়ে চলে যাচ্ছে এমন অবস্থা - সেগুলো তিনি বিরাট আগ্রহ করে কম দাম দিয়ে নিয়ে আসেন। এবং বাজার করে আসার পর তার মুখের ভাব দেখে মনে হবে খুব বড় কিছু জয় করে ফেলেছেন কেবল প্রথম আলোয় খবরটা আসার অপেক্ষায়।