

আনাস ইবনে মালিক রাযি.। নবীজির ব্যক্তিগত সেবক ও প্রিয় সাহাবি। নবীজির ঘরের মানুষের মতোই ছিলেন তিনি। ছোটবেলা থেকে নবীজির আদর-শাসনে বড় হয়েছেন। শৈশবকাল থেকেই নবীজির বাড়ির কাজ করতেন। তাঁর সেবা করতেন। নবীজির রাত যাপন থেকে শুরু করে মসজিদে গমন, ওজু-নামাজ আদায়, চলাফেরা-উঠাবসা, আলাপ-আলোচনা, জিহাদে-ভ্রমণে সর্বত্র তিনি নবীজির সঙ্গে থাকতেন। এক কথায় নবীজির শিক্ষা ও আদর্শের বাস্তব প্রত্যক্ষদর্শী তিনি। পুরো পরিবার ছিল নবীজির সহচর। নিজের মা-খালা, চাচা-মামা, আবু তালহা রাযি. এবং ভাইসহ নবীজির সঙ্গে একাধিক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস বর্ণনার ক্ষেত্রে সাহাবি আনাস ইবনে মালিক রাযি. হচ্ছেন তৃতীয়। প্রখর স্মৃতিশক্তি আর মেধা দিয়ে নবীজির হৃদয় জয় করতে সক্ষম হন। যার ফলে ইলমে হাদিসের এক অসামান্য প্রতিভার অধিকারী হোন তিনি। নবীজির কাছ থেকে তাঁর সূত্রে বর্ণিত মোট হাদিসের সংখ্যা ২২৮৬।