

মেরি কাঁদে না। অনেক চেষ্টা করেও কেউ তাকে কাঁদাতে পারেনি। পাথর চোখে মূর্তির মতো স্থির দাঁড়িয়ে রয়। -কি রে! তুই মরিস না কেন? তখনো অশ্রুপাতহীন মেরি পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়তে থাকে। চারদিকে শত মানুষ শত গঞ্জনার কণ্ঠ কাঁটার হুল বিঁধিয়ে যাচ্ছে। তবুও না...! একদম নির্বাক! -তোর কাঁদতেও মনে চায় না? চাচি তো ঠিকই বলছে, মরিস না কেন? যা, বিলে গিয়ে ঝাঁপ দিয়ে মর। তবুও জিদে কোনো সাড়া শব্দ দেয় না। আমি কখনোই এতটা অভদ্র নই, যেখানে সেখানে যাইচে নাক গলাই। মেরি আমার বাল্যবন্ধু। ওর দরজা আমার জন্য চিরতরে খোলা। সঙ্গতই ওর ঘরে প্রবেশ করতে আমার কোনো কারণ লাগে না। নিরুপায় হয়ে চাচিরে ডাক দিয়ে বলি- চাচি! ওরে আমি চিনি, হাড়ে হাড়ে চিনি। ও মরবে না। ও হাড়ে গিরে জিদ খোঁড়া! মরণও ওরে ভয় পায়!