

রাত দুইটার কাছাকাছি হবে। অন্ধকারে কারো পায়ের শব্দ শুনে পাশের বড় বট গাছের নিচে দাঁড়ালো রিমন। চারপাশে অন্ধকার হওয়ায় কিছু দেখা যাচ্ছে না। কিন্তু শব্দ স্পষ্ট পাওয়া যাচ্ছে! কেউ এদিকেই আসছে। মনে হয় খুব জোরে জোরে আসছে অথবা দৌঁড়ে। রিমনের পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে! বেশ কিছুক্ষণ হলো দৌঁড়াচ্ছিলো সে। কিন্তু তার পক্ষে আর সম্ভব হচ্ছে না! পাশের ঝোপে হঠাৎ কিছু একটা নড়ে উঠলো। সাথে সাথে রিমনের যেন আত্মা শরীর থেকে বেরিয়ে যাবার উপক্রম হলো! রিমন ভয় পায় খুব। বুকের ভিতর ধুপধাপ শব্দ শুরু হলো তার। রিমন ভয়ে ভয়ে আবার পালানো শুরু করলো। ভরা বর্ষাকালে আকাশ মেঘলা। আকাশে চাঁদ নেই। তাই চারপাশ ভয়ঙ্কর রকমের অন্ধকার! এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিলো না। রিমন সেই অন্ধকার ভেঙে পালাতে লাগলো। হঠাৎ তার মাথার উপর দিয়ে এক ঝাঁক বাদুড় উড়ে গেলো। বাদুড়ের ডানা ঝাপটানোর বিশ্রী একটা আওয়াজ ভয়ঙ্কর করে তুললো চারপাশ। সাথে একটা কুকুরের ডাক কানে আসতেই রিমন সজাগ হয়ে উঠলো।