

বৈশাখ মাসে তেমন একটা পূজা-পার্বণ নেই। বাড়ির কয়েকটি হিন্দু পরিবারের ব্যবসা মন্দা যাচ্ছে তাই তারা ঠিক করেছে সবাই মিলে বাড়িতে হরিলুট দিবে। হরিলুট মানে মুসলমানের মিলাদ (দোয়া) মাহফিলের মতো আয়োজন। একদিন বিকেলে ঢাক-ঢোল পিটিয়ে শুরু হল। নিশি বাবুই ব্যবস্থা করে দিলেন। সংক্ষিপ্ত পরিসরে দেবার্চনা হয়ে গেল। নীলার সেখানে উপস্থিতি ছিল না। কয়েকদিন বাদে আবার মন্দিরে শ্রীকৃষ্ণ কীর্তন ভজনগীতি শুরু হল, সেখানেও তার উপস্থিতি নেই। এবার অবশ্য পরীক্ষার কারণে নীলা কীর্তনে যায় না। তবে স্পষ্ট বোঝার উপায় নেই- আসলে কী কারণে নীলার দেখা নেই। শুধু পরীক্ষার দিন বের হয়, তাছাড়া তার দেখাই পাওয়া যায় না। প্রতিবার নীলা কীর্তনে গেলে নাবিলও সেখানে যেত, পথে পথে অনেক কথাও হত। সাথে যদিও বাড়ির অন্য সদস্যরাও থাকত, তাই ওদের স্বাভাবিক নিয়মেই কথা হত।