

মেহেদীর বংশে পাগলামির ধাত আছে। এই একটা জিনিস মেহেদী খুব ভয় পায়। কোনওমতেই পাগল হতে চায় না। অথচ মাথায় কত পাগলামি চিন্তা আসে, এগুলো বাস্তবায়ন করলেই তো সে পাগল বনে যাবে। মাঝেমধ্যে আশেপাশের মানুষকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, ‘এই যে ভাই, আমার মাথায় যে যে চিন্তাগুলো আসে, আপনার ও কি আসে।’ বলা হয় না কথাটা। যদি পাগল ভাবে। অফিসের বসকে সেদিন ইচ্ছে করছিল লাথি দিয়ে ফেলে দেওয়ার জন্য। ডেস্কে ডেস্কে কাজ দেখে বেড়াচ্ছিল থলথলে শরীরের বসটা। মেহেদী মনে মনে বলছিল, ‘শুয়োর তোকে যদি এখন লাথি দিয়ে ফেলে দিই।’ বিয়ারের বুদবুদের দিকে প্রেম প্রেম দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেদী। ঝুমঝুমের কথা মনে পড়ছে।এও এক ঝামেলা, সবকিছুতে যদি পরস্ত্রীর কথা মনে হয় তাহলে তো চরিত্র নিয়ে টান পড়বে। নিজেকে তো চরিত্রবানই মনে হয়। ওই একটা দিন একটু শুধু ঝামেলা হয়েছিল, এছাড়া তো নারীঘটিত কোন ব্যাডরেকর্ড নেই। মুখে বিয়ার জমিয়ে চোখ বন্ধ করল। বুড়ো ভূতটাকে এই মুহূর্তে অসহ্য লাগছে। ‘আপনি এখান থেকে যান তো।’ ‘ও বাবা, আমি কী করলাম? দেখি একটু টিভি। আমার বউ ছিল দুনিয়ায় ধুমসী। ওয়াক, শুধু তলতলে চর্বি। টিভির বেটি গুলোতো একেকটা চিকন বাঁশ। কেমন তড়বড় করে নাচছে।’ মেহেদী ভ্রূ কুঁচকাল। ভূতটাকে যদিও আশেপাশে দেখা যাচ্ছে না, তবুও কেউ পাশে বসে নিষিদ্ধ আনন্দের সঙ্গী হচ্ছে ভাবতে অস্বস্তি লাগছে। এসব জিনিস একা দেখেই অভ্যস্ত মেহেদী। ‘ওরে গান – বাজনা হচ্ছে বোধহয়, কিন্তু শব্দ টের পাচ্ছি না। ঠোঁট নাড়ানো শুধু বোঝা যাচ্ছে।’ ‘তো?’ ‘সাউন্ডটা দে।’ ‘পারবনা। আমি শব্দ ছাড়া শুনে অভ্যস্ত।’ ভূতটা যথেষ্ট বিরক্ত মেহেদীর উপর, ‘তুই তো দেখি জেতা ভূত। আমি তো মরে ভূত হয়েছি না পারতে।’ গান অবশ্য বেশিক্ষণ গাইল না। চোখ তুলে তাকাল, না পানিই তো বের হচ্ছে। কিন্তু একটু আগে যেন মনে হল ঝরনা থেকে থিকথিকে মাংস, কলিজা, রক্ত বের হচ্ছে – বাথরুমের দেয়ালে হেলান দিয়ে ঝর্ণার পানি পড়ার দৃশ্য দেখতে লাগল। সব তো স্বাভাবিক। নিজের হৃদপিণ্ডের ধুক ধুক শব্দটা শুনে নিজেরই ভয় লাগছে। ঘরের মেঝে পানিতে ভেসে যাচ্ছে। হুট করে মনে হলো একা ঘরে বাথরুমের দরজা লাগানোর কারণ হচ্ছে ওই মেঝেতে যেন পানি না পড়ে – ঠিক এইজন্যই সে বাথরুমের দরজা লাগায়। ঝর্ণা বন্ধ করে ছোট করে শ্বাস নিল, স্বস্তি লাগছে একটা সমস্যার সমাধান করতে পেরে।