

রাশেদ তখন পুরোদস্তুর ঘুমের মধ্যে ছিল। সারাদিন অফিস করা শরীর নিয়ে রাতে ফিরে ঘুমোতে ঘুমোতে মাঝরাত হয়ে যায়। এত ভোরে স্ত্রী রোকেয়ার ডাকে তার মেজাজটা একটু গরমই হয়ে যায়। পুরুষ মানুষের মেজাজ একটু রুক্ষই হয়। আর ঘুমের মাঝে এমন জ্বালাতন করলে যে কারো এমন হবেই। স্ত্রী বলে কথা। রাশেদ আলতো ঘুমে মেজাজকে দূরে ফেলে দিয়ে রোকেয়াকে হাত দিয়ে টেনে বিছানায় শুইয়ে জড়িয়ে ধরে স্বল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ে। রোকেয়া তাতে 'না' করে না আর। সে সুযোগই নেই। স্বামীর বুকে মাথা রেখে সেও ফের ঘুমিয়ে পড়ে। ভোরবেলার দ্বিতীয় ঘুম। এ ঘুমে নিদারুণ একটা প্রশান্তি আছে। কেমন একটা অলসতা লাগে। জগতের ঘুম চেপে আসে।