

“আহলে বাইত্” কোরআন মজীদের একটি বিশেষ পরিভাষা। এর তাৎপর্য সম্পর্কে অতীতে মুসলিম উম্মাহর মধ্যে উল্লেখ করার মতো কোনো মতপার্থক্য ছিলো না এবং ভিন্নমত ছিলো একান্তই বিরল ব্যতিক্রম। কিন্তু বিংশ শতাব্দীর শেষ দিক থেকে এ বিষয়ে কোনো কোনো মহল কর্তৃক পরিকল্পিতভাবে ভিন্নমত প্রচার করতে দেখা যায়। আভিধানিক অর্থে اهل البيت (আহলুল্ বাইত্) মানে ‘গৃহবাসী’ অর্থাৎ কোনো গৃহে বসবাসকারীগণ তথা কোনো গৃহকর্তার পরিবারের সদস্যবর্গ। এতে মূলতঃ কোনো ব্যক্তির স্ত্রী ও নাবালেগ সন্তান-সন্ততিকে অন্তর্ভুক্ত গণ্য করা হয়। যে বালেগ পুত্রকন্যা বিবাহ করে নিজস্ব ঘরসংসার ও পরিবারের অধিকারী হয়েছে তারা তাদের পিতার আহলে বাইত্-এর অন্তর্ভুক্ত নয়। বরং বালেগ পুত্র তার নিজ পরিবারের তথা তার নিজস্ব আহলে বাইত্-এর কর্তা, আর বালেগাহ্ বিবাহিতা কন্যা স্বীয় স্বামীর পরিবারের তথা স্বামীর আহলে বাইত্-এর অন্তর্ভুক্ত। কিন্তু কোরআন মজীদে নবী-রাসূলগণের (‘আঃ) আহলে বাইত্ বলতে এর আভিধানিক অর্থ বুঝানো হয় নি, বরং কোরআন মজীদে ব্যবহৃত আরো অনেক পরিভাষার ন্যায় এটি একটি বিশেষ পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে। হযরত রাসূলে আকরাম (ছাঃ)-এর যুগ থেকে মুসলিম উম্মাহর মধ্যে প্রায় সর্বসম্মতভাবে প্রচলিত মত অনুযায়ী রাসূলুল্লাহর (ছাঃ) আহলে বাইত্ বলতে হযরত ফাত্বেমাহ্ (সালাামুল্লাাহি ‘আলাইহাা) এবং হযরত আলী, হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হোসেন (‘আঃ)-কে বুঝানো হয়েছে। কিন্তু বিগত বিংশ শতাব্দীতে কোনো কোনো মুফাসসির ও আলেমের পক্ষ থেকে বিষয়টিকে বিতর্কিত করার প্রচেষ্টা লক্ষ্য করা যায়। কেউ কেউ দাবী করেছেন যে, হযরত রাসূলে আকরাম (ছাঃ)-এর বিবিগণও আহলে বাইত্-এর অন্তর্ভুক্ত, আবার কেউ কেউ এমনও দাবী করেছেন যে, কেবল তাঁরাই আহলে বাইত্, যদিও এ উভয় ধরনের দাবীর কোনোটির পক্ষেই কোনো অকাট্য দলীল নেই। এমনকি বিগত শতাব্দীর শেষ দিকে এসে নব-উদ্ভূত কোনো কোনো চৈন্তিক ধারা থেকে এমন দাবীও করতে দেখা গেছে যে, হযরত যায়দ্, হযরত ‘আম্মার, হযরত সালমান্, হযরত আবূ যার্ প্রমুখ কতক ছাহাবীও রাসূলুল্লাহর (ছাঃ) আহলে বাইত্-এর অন্তর্ভুক্ত। কিন্তু প্রকৃত ব্যাপার এই যে, উক্ত মহান ছাহাবীগণের আল্লাহ্ তা‘আলার দ্বীনের জন্য ত্যাগ-তিতিক্ষার ক্ষেত্রে অগ্রগণ্য হওয়ার বিষয়টি অনস্বীকার্য হওয়া সত্ত্বেও তাঁরা রাসূলুল্লাহর (ছাঃ) আহলে বাইতের অন্তর্ভুক্ত বলে যে দাবী করা হয়েছে তার সপক্ষে কোনো অকাট্য দলীল নেই। রাসূলুল্লাহর (ছাঃ) আহলে বাইত্ সংক্রান্ত এ সব মত অবশ্য সাধারণভাবে মুসলিম জনগণের মধ্যে গ্রহণীয় হয় নি। কিন্তু ইসলামের সঠিক জ্ঞান বিহীন কিছু লোক এগুলো দ্বারা বিভ্রান্ত হচ্ছে এবং তা অন্যদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে যে, সম্প্রতি (২০১২) একটি বিশ্ববিদ্যালয়ে একজন ডি.ফিল্.-শিক্ষার্থীকে অভিসন্দর্ভ লেখার জন্য “আহলুল্ বাইতের নারী সদস্যগণের শিক্ষাচর্চা, সমাজসেবা ও আদর্শ পরিবার গঠন” শীর্ষক বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে সে জন্য যে বিষয়পরিকল্পনা দেয়া হয় তাতে হযরত ফাত্বেমাহ্ (সা.‘আ.)-এর সাথে রাসূলুল্লাহর (ছাঃ) বিবিগণকেও অন্তর্ভুক্ত করা হয়। এ কারণে রাসূলুল্লাহর (ছাঃ) বিবিগণ তাঁর আহলে বাইত্-এর অন্তর্ভুক্ত কিনা এ বিষয়ে বিভ্রান্তির নিরসন অপরিহার্য। এ বিষয়ে বিভ্রান্তি নিরসন এ কারণেও অপরিহার্য যে, মায্হাব্ ও ফিরক্বাহ্ নির্বিশেষে সকল মুসলমানই অন্ততঃ নামাযের শেষ বৈঠকে দরূদ্ পাঠ করে থাকে যা ব্যতিরেকে নামায সম্পূর্ণ ও ছহীহ্ হয় না এবং এ দরূদের অপরিহার্য অংশ হচ্ছে “আল্লাাহুম্মা ছাল্লে ‘আলাা মুহাম্মাদ্ ওয়া ‘আলাা আালে মুহাম্মাদ্” বা (পাঠভেদে) “আল্লাাহুম্মা ছাল্লে ‘আলাা মুহাম্মাদ্ ওয়া আালে মুহাম্মাদ্”। আর এ ব্যাপারে দ্বিমত নেই যে, কোরআন মজীদের আয়াতে উল্লিখিত “আহলে বাইত্” ও দরূদে উল্লিখিত “আালে মুহাম্মাদ”(ছাঃ)-এর তাৎপর্য অভিন্ন। এমতাবস্থায় “আহলে বাইত্” বা “আালে মুহাম্মাদ” (ছাঃ) কা’রা সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অপরিহার্য। কারণ, যেহেতু আমলকে নিয়্যত্ অনুযায়ী বিবেচনা করা হয় সেহেতু সঠিক ব্যক্তিদের “আহলে বাইত্” বা “আালে মুহাম্মাদ” (ছাঃ) গণ্য না করে দরূদ্ প্রেরণ করলে তা গ্রহণযোগ্য হবে না, বিশেষ করে নামায ছহীহ্ ও সম্পূর্ণ হবে না। তাই আমাদের এ আলোচনার অবতারণা।