

এই বিশ্বে প্রাণিদের বিবর্তন বিষয়ে জ্ঞানী শূকরমশাইয়ের বক্তব্যের পর মহাসভাতে বিদ্রূপপূর্ণ হাসির রোল উঠল। সবাই বলাবলি করছে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষেরা এত মিথ্যুক! এত শঠ!! তারা নিজেদেরকে ঈশ্বরের সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে কেন দাবি করে? এই দাবি তো আজ অসার হয়ে গেল। বিবর্তন নিয়ে তাদের গবেষণা ও জ্ঞানচর্চা তো নেহাতেই ব্যর্থ। মহাসভায় অংশগ্রহণকারী সকলেরই যে এই মনোভাব তা তাদের বিদ্রূপপূর্ণ আচরণ দেখে বুঝা গেল। মানবজাতির প্রতি মহাসভার পশুপাখির এই ধরনের তাচ্ছিল্য ও তামাশা দেখে সভাপতি ধ্যানী সিংহ শুধু হাসেন আর হাসেন। এক্ষণে তিনি সবাইকে শান্ত হওয়ার নির্দেশনা দিলেন এবং মহাসভার দিকে আবার দৃষ্টিপাত করলেন। এই দৃষ্টিপাতের অর্থই হল কাউকে তিনি বক্তব্য রাখার জন্য আহ্বান করছেন। তাঁর এই নিঃশব্দ আহ্বানে সাড়া দিল মহাসভার দক্ষিণপাশে বসা এক বেবুন।