

অবরোহ বিজ্ঞান ফায়ারপ্লেসের কোণ থেকে হোমস বোতলটা আর ছিমছাম মরক্কো চামড়ার খাপ থেকে ইনজেকশনের ছুঁচটা বার করলেন। লম্বা লম্বা কুম্পিত আঙুলে ছুঁচটা ঠিক করে নিলেন। তারপর শার্টের আস্তিনটা গুটিয়ে নিয়ে কব্জি আর হাতটার দিকে একমনে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। অসংখ্য ইন্জেকশনের দাগ সেই হাতে। তাতে ছুঁচটা ফুটিয়ে দিয়ে ঠিলে দিলেন ছোটো পিস্টনটা। তারপর ভেলভেটের চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে তৃপ্তির নিশ্বাস ফেললেন।