

অবিনাশ বাবু খুব দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। গরমকাল ফুরিয়ে আসছে কিন্তু এখনো তার ফ্যানগুলো বিক্রি হচ্ছে না। ফ্যান বিক্রি করার জন্যে তিনি প্রতিদিন নবাবপুরে যাচ্ছেন। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না। তিনি যেই দাম চাচ্ছেন সেই দামে কেউ ফ্যান কিনতে রাজি হচ্ছে না। সারাদিন দিন ঘোরাঘুরি করে অবিনাশ বাবু সন্ধ্যার পর মুখ কালো করে মেসে ফিরেন। তার কিছুই ভালো লাগে না। আগে মেসে ফিরে এসে তিনি বাবলু মিয়াকে ডেকে এনে তার সঙ্গে গল্প করে সময় কাটাতেন। ইদানিং সন্ধ্যার পর মেসে ফিরে তিনি নিজের ঘরের দরজা বন্ধ করে বসে থাকেন। রাত সাড়ে নয়টার আগে দরজা খুলেন না। সাড়ে নয়টায় ঘর থেকে বের হয়ে হোটেলে গিয়ে খেয়ে আসেন। ফিরে এসে নিজের ঘরে ঢুকে আবার দরজা বন্ধ করে ফেলেন। মাঝে মাঝে বাবলু মিয়া তাকে ডাকতে আসে। তখন দরজা ফাঁক করে গলা বাড়িয়ে জিজ্ঞেস করেন, কী সমস্যা? বাবলু মিয়া বলে, কোনো সমস্যা না। আবিদ ভাই আপনাকে ডাকছেন।