

সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কোনো এক সময় মাফিয়া নিজের নাম পাল্টে কোসা নোস্ত্রা বা 'আমাদের জিনিস' হিসেবে পরিচিত হতে শুরু করে। আমেরিকা থেকে এ সংগঠনের যত নাম আমদানি হয়ে এসেছে, তার মধ্যে এটা লেটেস্ট। যতদূর সম্ভব, শব্দটির উৎপত্তি হয়েছে আমেরিকায় বসবাসকারী সিসিলিয়ান সম্প্রদায়ের মধ্যে; 'আমাদের জিনিস' কারণ সেটা কেবল সিসিলিয়ানদেরই; অন্যান্য এথনিক গোষ্ঠীর অপরাধীদের তাতে প্রবেশের অধিকার বা সুযোগ, কোনোটাই নেই। তবে মাফিয়াতে কোনো বিষয়েই লিখিত দলিল সংরক্ষণ করা হয় না বলে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় শব্দটা আসলে কোত্থেকে এসেছে। যদিও সূত্র জানা গেলেও কিছু আসবে-যাবে না, কারণ মাফিয়ার কাছে নামটা গুরুত্বপূর্ণ নয়। যদি এমন হত যে নীরবে কেবল কঠিন দৃষ্টিবাণ হেনেই বা এরকম আর কোনো উপায়ে সেটার অস্তিত্ব জানান দেয়ার উপায় থাকত, তাহলে বেশিরভাগ মাফিয়োসি হয়ত সংগঠনের কোনো নাম না থাকলেই বেশি সন্তুষ্ট হত। এটার মতো আরও অনেক নাম অতীতে এসেছে আবার চলেও গেছে যেমন ব্রাদারহুড, দি অনারড সোসাইটি ইত্যাদি। কোসা নোস্ত্রা নাম নেয়ার কারণে মাফিয়ার সাংগঠনিক কাঠামোতে বা কাজের ধরণে কোনো পরিবর্তন আসেনি।