

ওরা দু'জন খড়ের গাদার আড়ালে চলে যেতে বাড়িটার দিকে এগোল টম। রাস্তার দিকে দু'টো বড়ো জানালা আছে ওটার, তার মাঝখানে চওড়া, মজবুত দরজা। সামান্য ফাঁক হয়ে আছে। বাড়িটার পিঠ ঘেঁষে প্রায় পঞ্চাশ-ষাট ফুট খাড়া উঠে গেছে ক্লিফের এবড়োখেবড়ো দেয়াল। ডান ও বাঁ দিকে হচ্ছে ক্লিফের সর্বোচ্চ পয়েন্ট। মাঝখানটা একটু নিচু। আশপাশের পরিত্যক্ত বিল্ডিংগুলোর ওপর ভাল করে আরেকবার চোখ বুলিয়ে নিল টম, তারপর গ্র্যানিট পাথরের তিনটা উঁচু ধাপ পেরিয়ে ঢুকে পড়ল বাড়ির মধ্যে। বড়সড় একটাই রুম ভেতরে। বাড়ির পিছনের দেয়ালটা গ্র্যানিট বাফের তৈরি, নিরেট। 'কূলার,' আপনমনে বলল ও, 'কোথায়?' রুমের পিছনদিকের এক প্রান্তে একটা দরজা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে খুলল ও। পাথরের ছোটখাট একটা গুহা ওটা। ভেতরে দু'দিকের দেয়ালজুড়ে লম্বা শেলফ, নানান জিনিসপত্রে বোঝাই। দু'টো বীয়ার কেসও আছে তার মধ্যে। একটার মুখ খোলা।