

'সুমি, এদিকে আয় তো। আমাকে একটু হেল্প কর। সময় তো বেশি নাই।' রান্না ঘরে কাজ করতে করতে রাহেলা বেগম তার ছোট মেয়েকে ডাকছেন। 'আসছি মা।' পাশের ঘর থেকে সুমি সাড়া দিতে দিতে রান্নাঘরে এসে বলল, 'কী করতে হবে বল?' 'তুই হাঁসের ডিমের ভুনাটা কর। আমি ফার্মের ডিমের কোর্মা করছি।' রাহেলা বেগমের খুব টেনশন হচ্ছে। আজ তার বড় মেয়ে রিমিকে ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলে দেখতে শুনতে বেশ ভালো। শিক্ষাদীক্ষায়ও চলনসই। সবচেয়ে বড় কথা ছেলের একটি মুরগির ফার্ম আছে। ফার্ম থেকে প্রতিদিন চারশো করে ডিম পায়। ভাবা যায়! এছাড়া বয়লার মুরগি তো আছেই। মেয়ের জন্য আরো অনেক সম্বন্ধ এসেছিল- ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার। কিন্তু এ ছেলেকে পাওয়ার পর তিনি অন্য সবাইকে না করে দিয়েছেন। শুধু ডিম বিক্রি করেই মাসে যে ইনকাম হবে তাতেই মেয়ে পায়ের উপর পা তুলে খেতে পারবে। মেয়ের পুষ্টিরও কোনো অভাব হবে না। আর কী চাই? ডাক্তার, ইঞ্জিনিয়ার দিয়ে কী হবে?