

মধ্যরাতে হঠাৎই ঘুমটা ভেঙে গেল। এরকম মাঝে-মাঝেই হয়। আমি তখন অকারণেই একটু পায়চারি করি। বাথরুমে যাই। আবার শুয়ে পড়ি। আজও ঘুম ভাঙতেই উঠে পড়লাম। দেওয়ালঘড়িতে রাত এখন একটা। রাখহরি একপাশে ক্যাম্পখাটে শুয়ে অঘোরে ঘুমোচ্ছে। মাত্র কয়েকমাস হল আমার কাছে এসেছে ও। সারাদিন কত কাজই না করে। আমার এই মৌড়ি গ্রামের চার কাঠার চৌহাদ্দির মধ্যে ছোট্ট বাড়িটাকে কী সুন্দর ঝকঝকে তকতকে করে রেখেছে। ওরই পরিচর্যায় বাগানের গাঁদা গাছগুলি ফুলে ফুলে ভরে আছে।