

সম্ভাব্য প্রতিটি জায়গা খুঁজে দেখছে কিশোর আর রবিন। সাপের খালি খাঁচা থেকে শুরু করে কম্পিউটার প্রিন্টারের মেসেজ, কিছুই বাদ দিচ্ছে না। 'নাহ, কিছুই নেই,' নিরাশ হয়ে বলল রবিন। 'জিনা আর মুসা কী করছে কে জানে।' হঠাৎ ঝিরঝির আওয়াজ কানে এল ওদের, গায়ে লাগল ঠান্ডা বাতাস। হাসল রবিন। 'ভাল হলো। যা গরম লাগছিল এখানে।' এমনি সময়ে জিনার ফ্যাকাসে মুখ উঁকি দিল ভেন্টের মুখে। ককিয়ে উঠল, 'মুসা মারা যাচ্ছে! জলদি বাঁচাও! ফ্যান বন্ধ করো।' জিনাকে নামতে সাহায্য করল দুজনে।