

মাত্র চার দিন আগের কথা। আমার ফেসবুকের ইনবক্সে একটি মেসেজ এলো। পাঠিয়েছেন ময়মনসিংহ থেকে মাওলানা ইলিয়াস সারোয়ার। তিনি একটি বইয়ের প্রথম পৃষ্ঠা দেখিয়ে বললেন, বইটি কি আপনি পড়েছেন? আমি জানালাম, না। দেখিনি। তিনি বললেন, আপনার ওয়াটসআপ ওপেন করুন। পুরো বইটি দিচ্ছি। আশা করি, আপনার মাধ্যমে বইটি উম্মতের হাতে হাতে পৌঁছুবে। আমি ওয়াটসআপ ইনস্টল করলাম। তিনি পাঠালেন। এক বসাতেই পুরো বই পড়ে ফেললাম। সত্যি বলছি, বইটি আমাকে ভীষণ মুগ্ধ করে। ইতোপূর্বে মাওলানা সাদ সাহেব সম্পর্কে যতগুলো বই পড়েছি, সেগুলো থেকে এ বই বেশ আলাদা। এখানে বিষয়গুলোকে বেশ গভীর থেকে পর্যবেক্ষণ করা হয়েছে। সাদ সাহেব যে তার বিভ্রান্তিকর কথাগুলো একটি বিশেষ চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি থেকে বলছেন, সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে লেখকের ওয়াটসআপ নম্বর নিয়ে কল করলাম। পরিচয় আদান-প্রদানের পর বুঝতে পারলাম, তিনি দারুল উলূম দেওবন্দে আমাদের সমসাময়িক ছাত্রভাই। অনুবাদের কথা শুনে তিনি খুশি হলেন।