

আল্লাহর দয়া ও অনুগ্রহে দারুল উলূম দেওবন্দের সম্মানিত উসতাযবৃন্দ, বিশেষত শীর্ষস্থানীয় মুরুব্বিদেরকে আমার মত এক নগণ্য অধম যতটা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে; তা নিঃসন্দেহে একটি বিরল সৌভাগ্য। যার কারণে তাদের দিকে কাউকে কোনো ভুল কথা সম্পৃক্ত করতে দেখলে হৃদয়ে ভীষণ কষ্টবোধ হয়। আল্লাহর কাছে দুআ করি, আল্লাহ আমাকেও তাদের দিকে কোনো ভুল কথা বা তথ্য সম্বন্ধিত করা থেকে নিরাপদ রাখুন। আমিন। ছাত্রজীবনে আল্লাহ আমাকে দাওয়াত ও তাবলীগের মেহনতের সঙ্গেও সম্পৃক্ত রেখেছেন। সময়-সুযোগ পেলেই জামাতে বেরিয়ে পড়েছি। অজস্রবার নিযামুদ্দিন মারকাযে যাওয়ার সুযোগ হয়েছে। ইফতা সম্পন্ন করার পর আলহামদুলিল্লাহ, একবছর আল্লাহর রাস্তায় অতিবাহিত করার তাওফিকও লাভ করেছি। মোটকথা, দারুল উলূম দেওবন্দ এবং দাওয়াত ও তাবলীগের মেহনত- উভয়টির সঙ্গেই অধমের সম্পর্ক রয়েছে। আল্লাহ আমাকে যেমন দেওবন্দের শীর্ষস্থানীয় মুরুব্বিদের জীবনবৃত্তান্ত পড়ার তাওফিক দিয়েছেন, তেমনই দিয়েছেন তাবলীগের মুরুব্বিদের জীবনবৃত্তান্ত পড়ার সুবর্ণ সুযোগ।