

আবু তালেব সিদ্দিকী ইংরেজী ভাষা ও সাহিত্যের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে হেঁটেছেন গুরুত্বপূর্ণ সময়কালে; ঊনসত্তরের গণআন্দোলন, উত্তাল হয়ে উঠা দেশমাতৃকা, ছাত্র রাজনীতির বিকশিত স্ফুলিঙ্গে স্বাধীন চিন্তা চেতনায় আলোকিত আবেগে ভাসতে থাকা গ্রন্থকার তখন স্বাধীনতার স্বপ্নে শিহরিত। সংগঠিত মুক্তিযুদ্ধের পরিক্রমায় নিজেকে জড়িয়ে স্বাধীন দেশের নাগরিকত্ব লাভে অভাবনীয় সুখবোধে সাহিত্যিক হওয়ার ইচ্ছে নিয়ে নয়, বরং সহজাত উদার্যবোধে বিভিন্ন পত্র-পত্রিকায় লিখতে শুরু করলেন। দুটি বই প্রকাশিত হলো। "অবচেতনে 'অবয়ব' শিরোনামে একটি অগোছালো কবিতাগ্রন্থ প্রকাশিত হলে কেউ প্রশংসায় ভাসিয়েছেন কবিকে, কেউ বলেছেন প্রথম কাব্যগ্রন্থ হলেও বড্ড কাব্যিক। নস্টালজিক অভিজ্ঞতার বর্ণালী বর্ণনায় খেলার ছলে একটি পত্রিকায় অনেক দিন কলাম লিখে পত্রিকা পাঠকের দৃষ্টি আকর্ষণ করেন। পরে 'অবচেতনে আলিঙ্গন' শিরোনামে পুস্তকারে প্রকাশিত হয়েছিলো এ সব কলামের সংকলন। এক সময় স্বল্পকালের জন্য একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন। জীবনের বিচিত্র অভিজ্ঞতায়, বাস্তবতায় অনুভবের তীব্র আনন্দ- বেদনায় রচিত হয়েছে 'আলোয় আর ছায়ায় জড়ানো জীবন ।